মাদ্রিদ, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্রিশ্চিয়ানো রোনালদোর গোড়ালির চোট প্রায় ঠিক হওয়ার পথে। ফলে রিয়াল মাদ্রিদের এই পর্তুগিজ উইঙ্গার শুক্রবার অনুশীলনে যোগ দিতে পারবেন বলে ক্লাব কর্তৃপক্ষ আশা করছে।
ক্লাবের নিজস্ব ওয়েবসাইটে জানানো হয়েছে, বিশ্রামে থাকা রোনালদো এরই মধ্যে একা একা অনুশীলন শুরু করে দিয়েছেন। মঙ্গলবার তার চোট পরীক্ষা করে দেখা হয়েছে। সেখানে আপাতত তেমন কোনো সমস্যা নজরে পড়েনি।
গত সেপ্টেম্বরের শেষদিকে রোনালদো গোড়ালিতে চোট পান। দশ দিন পর পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলতে নেমে একই জায়গায় নতুন করে চোট পান। এরপর থেকেই মাঠের বাইরে গতবারের ফিফা বর্সসেরা ফুটবলার। তবে এখন যা অবস্থা তাতে আশা করা হচ্ছে শনিবার লা লিগায় রেসিং সান্তানদারের বিপক্ষে কিংবা ২৫ নভেম্বর এফসি জুরিখের বিপক্ষে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে পারবেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/২১০৫ ঘ.
bdnews24