মেলবোর্ন, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সকালেই অঘটনের শিকার হয়েছেন মেয়েদের বিভাগের ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ইয়েলেনা ইয়াঙ্কোভিচ। বিকেলে আরেকটু হলেই তার সঙ্গী হতে পারতেন পুরুষদের বিভাগের সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান রজার ফেদেরারও। শেষ পর্যন্ত হননি অবশ্য, প্রথম দুটি সেটে হেরে গেলেও ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় বাছাই ফেদেরার ৪-৬, ৬-৭, ৬-৪, ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের টমাস বারডিচকে, উঠেছেন কোয়ার্টার ফাইনালে।
সেখানে তার সঙ্গী হয়েছেন সপ্তম বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যান্ডি রডিক আর অষ্টম বাছাই আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেলপোর্তো। মেয়েদের বিভাগ থেকে শেষ আটে উঠেছেন দুই রাশিয়ান তৃতীয় বাছাই দিনারা সাফিনা ও ভেরা জভোনারেভা আর মেলবোর্নের দর্শকদের পছন্দের খেলোয়াড় ইয়েলেনা ডকিচ। কিন্তু কপাল পুড়েছে আরেক ইয়েলেনা, শীর্ষ বাছাই ইয়াঙ্কোভিচের। চতুর্থ রাউন্ডে এই সার্বিয়ানকে সরাসরি ৬-১, ৬-৪ গেমে হারিয়ে টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটনটি ঘটিয়েছেন ফ্রান্সের ম্যারিয়ন বার্তোলি।
এর আগে সাতবারের চেষ্টায় দ্বিতীয় রাউন্ডের বাধা ডিঙ্গাতে পারেননি কখনো। রবার্ট ব্রুসের গল্পের মতোই সপ্তমবারের চেষ্টায় সেটা পেরেছেন, আর তারপর উঠে গেলেন শেষ আটেও! রোববার মেলবোর্নের সেন্টার কোর্টে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ইয়াঙ্কোভিচের বিপক্ষে তার খেলা দেখে অবশ্য বোঝাই যায়নি আসলে কে শীর্ষ বাছাই। গেম জয়ের প্রত্যেকটি সুযোগই কাজে লাগিয়ে বার্তোলি দাঁড়াতেই দেননি ইয়াঙ্কোভিচকে।
কোয়ার্টার ফাইনালে বার্তোলি মুখোমুখি হবেন ভেরা জভোনারেভার। রোববার চতুর্থ রাউন্ডের অন্য এক ম্যাচে জভোনারেভা ৭-৫, ৬-৪ গেমে হারিয়েছেন আরেক রাশিয়ান নাদিয়া পেত্রোভাকে।
আর আরেক রাশিয়ান, তৃতীয় বাছাই দিনারা সাফিনা শেষ আটে পাচ্ছেন ডকিচকে। যুগোস্লাভিয়ায় জন্ম নিলেও অনেক দিন ধরেই তিনি মেলবোর্নের বাসিন্দা, তাই মেলবোর্ন পার্কের দর্শকদের ফেবারিটও। বাবা দামির ডকিচের সঙ্গে সম্পর্কের টানা পোড়েনে টেনিস থেকে প্রায় হারিয়েই যেতে বসা ডকিচ এবার খেলতে নেমেছেন ওয়াইল্ড কার্ড নিয়ে। রাশিয়ার অ্যালিসা ক্লেইবানোভার বিপক্ষে ৭-৫, ৫-৭, ৮-৬ গেমে জয়ের পর তার আনন্দ্রাশ্র" তাই সংক্রমিত করেছে দর্শকদেরও।
এর আগে ফ্রান্সের অ্যালিজে করনেটকে ৬-২, ২-৬, ৭-৫ গেমে হারিয়ে সাফিনা সবার আগে পৌঁছে গেছেন বছরের প্রথম গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে।
পুরুষ বিভাগে এই কৃতিত্বটা দেলপোর্তোর। রোববার চতুর্থ রাউন্ডে ক্রোয়েশিয়ার ম্যারিন কিলিচকে ৫-৭, ৬-৪, ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন তিনি। আর রডিক হারিয়েছেন স্বদেশি টমি রব্রেডোকে, ৭-৫, ৬-১, ৬-৩ গেমে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১৫৩ ঘ.
bdnews24