লন্ডন, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথম লেগে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের হারিয়ে দিলেও ইংলিশ লিগ কাপ সেমিফাইনালের দ্বিতীয় লেগে আর পেরে ওঠেনি দ্বিতীয় বিভাগের দল ডার্বি কাউন্টি। মঙ্গলবার তাদের সহজেই ৪-২ গোলে হারিয়ে ইংল্যান্ডের ঘরোয়া নকআউট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রথম লেগে অপ্রত্যাশিতভাবে ১-০ গোলে হেরে গিয়েছিল রেডডেভিলরা। তবে মঙ্গলবারের ম্যাচে বিরতির আগেই ন্যানি, জন ও'শিয়া আর কার্লোস তেভেজের দেওয়া তিনগোলে এগিয়ে যায় তারা। শেষ বাঁশি বাজার ১০ মিনিট বাকি থাকতে পেনাল্টি থেকে বদলি খেলোয়াড় জাইলস বার্নসের গোল কিছুক্ষণের জন্য আশাবাদী করে তুলেছিল ডার্বিকে, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ি হয়নি। ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে আবার ব্যবধান বাড়িয়েছে ম্যান ইউ। ইনজুরি সময়ে বার্নসের দ্বিতীয় গোলে শুধু ব্যবধানই কমিয়েছে ডার্বি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৮৫৫ ঘ.
bdnews24