২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরাগবাগের বিপক্ষে অপ্রতিরোধ্য চেহারার আবাহনী

এবার আরামবাগকে একেবারে দুমড়ে-মুচড়ে দিয়েছে ঢাকা আবাহনী। প্রথমার্ধে অগোছালো পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধে গোল উৎসব করে তারা ৪-০ গোলে হারিয়েছে আরামবাগকে। টানা চতুর্থ জয়ে আবাহনী ১৫ খেলায় ৩৫ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষস্থান ধরে রেখেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2009, 02:40 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- এবার আরামবাগকে একেবারে দুমড়ে-মুচড়ে দিয়েছে ঢাকা আবাহনী। প্রথমার্ধে অগোছালো পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধে গোল উৎসব করে তারা ৪-০ গোলে হারিয়েছে আরামবাগকে। টানা চতুর্থ জয়ে আবাহনী ১৫ খেলায় ৩৫ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষস্থান ধরে রেখেছে। প্রথম লেগে তা-ও হারটা ছিল সম্মানজনক, ২-০ গোলের ব্যবধান। ওই অভিজ্ঞতা থেকে দ্বিতীয় লেগে আরামবাগ নেমেছিল এক পয়েন্টের জন্য। সেজন্য শুরু থেকেই সৈন্য-সামন্তরা ছিল ডিফেন্সের আশেপাশে। কিন্তু তারা অদক্ষ, তাই সংখ্যায় বেশি হলেও কিছু যায় আসে না। সেটাই হয়েছে, আবাহনীর আক্রমণের স্রোতের মুখে এক পর্যায়ে আত্মসমর্পন করে তারা। তারপর দ্বিতীয়ার্ধে খানিকটা পাল্টা আক্রমণ করতে খেলতে গিয়ে ৭ মিনিটে তিন-তিনটি গোল হজম করে বসে। আরামবাগ ভুলটা করেছে শুরু থেকে মাঝমাঠ ছেড়ে দিয়ে। যেখান দিয়ে বারবার আক্রমণ উঠেছে আবাহনী। প্রথমদিকে আক্রমণগুলো ডিফেন্সে গিয়ে ঠেকে গেলেও ৩৪ মিনিটের মাথায় গোল বের করে নেয় নীল-আকাশীরা। আওদু ইব্রাহিমের মাইনাসে জাহেদ পারভেজের গড়ানো শট পিরু ঠেকালেও তা ওপরে উঠে যায়। তাতে প্রাণতোষের হেড জালে আশ্রয় নিলে মাঠে মারা যায় আরামবাগের রক্ষণাত্মক কৌশল। আগের ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে কোনোরকমে জয় পেয়েছিল গতবারের চ্যাম্পিয়নরা। ১-০ গোলে জিতলেও মাঠের পারফরম্যান্স ছিল খুব সাদামাটা। স্বাভাবিক কারণেই পরের ম্যাচে আত্মবিশ্বাসের জায়গাটা একটু নড়বড়ে হবেই। কিন্তু ওই গোলে তাদের আত্মবিশ্বাসের মেরামত হয়ে যায়। সুবাদে দ্বিতীয়ার্ধে আরামবাগের বিপক্ষে আরো চড়াও হয়ে উঠে আবাহনী। তৃতীয় হলুদ কার্ডের শংকা এড়াতে জাহিদ হাসান এমিলির জায়গায় নেমে টিপুও দুর্বার হয়ে উঠেন। ৭০ মিনিটে জাহেদ পারভেজের থ্রু-এর ওপর ওয়ান টু ওয়ান পজিশনে থেকে এই বদলি স্ট্রাইকার টোকা মেরে ২-০ তে এগিয়ে নেন দলকে। দ্বিতীয় গোলের পর একেবারে এলোমেলো হয়ে যায় আরামবাগ। ৭২ মিনিটে তৃতীয় গোলটি হয়েছে এমেকার দুর্দান্ত এক শটে। জাহেদ আরামবাগের বক্সের ওপর বলটা এমেকার পায়ে দিয়ে ঢুকে পড়েন এবং সঙ্গী ডিফেন্ডারকেও ব্যস্ত করে রাখেন। সুযোগে এমেকা ডান পায়ের বাঁক খাওয়ানো এক শটে ব্যবধান বাড়ান। এই গোলের পর আরামবাগের গোলরক্ষক পিরুকে তুলে মিথুলকে নামিয়েও চতুর্থ গোল ঠেকাতে পারেনি। সে-ও ডিফেন্ডার সিরাজীর অসাধারণ এক গোল ! ডানদিক থেকে বল নিয়ে ওপরে উঠে তিনি কঠিন কোণ থেকে অবিশ্বাস্য এক শট করে আবাহনীর বড় জয় নিশ্চিত করেন। বড় জয়ে স্বাভাবিকভাবে ভীষণ খুশি আবাহনী কোচ অমলেশ সেন। একটা ম্যাচ শেষ হওয়ার অগেই যেন তার ভাবনা জুড়ে আগামী ম্যাচ, "মোহামেডানের সঙ্গে ম্যাচের আগে দলের পারফরম্যান্সটা ভাল হয়েছে, এটা অশার কথা। কারণ ওই ম্যাচের ওপর শিরোপা নির্ভর করছে অনেকখানি।" আগামী ২৪ জানুয়ারি মোহামেডানের বিপক্ষে সেই ম্যাচের কথা ভেবে তিনি দুটো করে হলুদ কার্ড পাওয়া মামুনুল ইসলাম ও সামাদ ইউসিফকে খেলানোর ঝুঁকি নেননি। আর তিন হলুদ কার্ডের খাঁড়ায় পড়া জয়ও এক ম্যাচ সাসপেনশন কাটিয়ে এখন তৈরি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৪৫ঘ.