ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- শরতের আকাশে হঠাৎ বিদ্যুৎ ঝলকের মতোই চমক উপহার দিলেন আলফাজ আহমেদ। জাতীয় দলে অচল এই 'বুড়ো' স্ট্রাইকারের হ্যাটট্রিকে শেখ রাসেল ক্রীড়া চক্র ৫-০ গোলে হারিয়েছে খুলনা আবাহনীকে। এই জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ব্রাদার্সের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে আছে শেখ রাসেল।
বছর চারেক আগেও তিনি ছিলেন জাতীয় দলের অপরিহার্য ফুটবলার। ক্লাব পর্যায়েও তাকে নিয়ে টানাটানি ছিল। কিন্তু গত কয়েকবছরে পারফরম্যান্সের অধোগতির কারণে সেই আলফাজের ওপর থেকে সরে যায় স্পটলাইট। তাই এই মৌসুমে মোহামেডান-আবাহনীর অনীহায় তাকে যেতে হয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্রে। সেখানে গিয়ে যেন তিনি নতুন করে আবিস্কার করছেন নিজেকে। বি. লিগে এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের প্রত্যেকটিতে গোল করে ৫ গোল নিয়ে এখন আলফাজই এগিয়ে আছেন সর্বোচ্চ গোলদাতার তালিকায়।
সে সঙ্গে শনিবার বি. লিগের সবচেয়ে বড় ব্যবধানের জয়টাও উপহার দিয়েছেন শেখ রাসেলকে। ম্যাচের শুরুতেই গোল পেয়েছে তারা। ৬ মিনিটে মনোয়ার হোসেন এগিয়ে নেন দলকে। বাঁদিক থেকে আমিনুলের ক্রসের ফ্লাইট মিস করেছেন খুলনা আবাহনীর গোলরক্ষক নাহিদ উদ্দিন সহ অন্য দুই ডিফেন্ডার। কিন্তু তাদের পেছনে দাঁড়ানো মনোয়ার মিস করেননি, পায়ে পড়তেই তিনি বল জাড়িয়ে দিয়েছেন জালে।
আলফাজের গোল উৎসব শুরু হয়েছে ২৫ মিনিটে। সাঈদের ব্যাকহিল আয়ত্তে নিয়ে তিনি গড়ানো শটে প্রথম লক্ষ্যভেদ করেন। দ্বিতীয় গোলেও আলফাজ একজন সুযোগ সন্ধানী স্ট্রাইকার; ৭১ মিনিটে সাঈদের মাইনাস ধরতে ব্যর্থ হলে তা গোলে পাঠাতে জাতীয় দলের এই সাবেক স্ট্রাইকারের একটি টোকাই যথেষ্ট। তার মিনিট সাতেক পরেই তিনি দুর্দান্ত এক গোল করে হ্যাটট্রিক পূরণ করেন। ৭৮ মিনিটে খুলনা আবাহনীর দুই ডিফেন্ডার ও বদলী গোলরক্ষক ফয়েজ আহমেদকে কাটিয়ে একেবারে দুরূহ কোণ থেকে অবিশ্বাস্য দক্ষতায় প্রথম বারে বল তুলে দিয়ে পুরানো ঝলক দেখান।
এর মাঝে ৫০ মিনিটে শেখ রাসেলের পক্ষে তৃতীয় গোলটি করেছেন সাঈদ। বাঁদিক দিয়ে আবাহনীর ডিফেন্সে ঢুকে ইগিরের সঙ্গে ওয়ান-টু খেলে তিনি গোলরক্ষক নাহিদের দু পায়ের ফাঁকে বল পৌঁছে দিয়েছেন জালে।
ম্যাচশেষে বি. লিগের প্রথম হ্যাটট্রিকম্যান পরম তৃপ্তি নিয়ে বলেছেন, "আমি যে হারিয়ে যাই নি তার প্রমাণ করার টেষ্টা করছি। মারদেকা কাপের জন্য জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়াটাই আমার জন্য বড় অনুপ্রেরণা।" অনেকদিন পর আলফাজ আবার জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২০৪০ ঘ.
bdnews24