ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- উজ্জ্বলের জাতীয় দলে অনীহার চিঠি হাতে পেয়েই জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি তাকে ফেরানোর উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে।
জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়েও মেহেদী হাসান উজ্জ্বল ক্যাম্পে যোগ দেননি। নানা সমস্যার কথা উল্লেখ করে এই মিডফিল্ডার চিঠি দিয়েছেন কোচ শফিকুল ইসলাম মানিককে। জাতীয় দলে খেলতে অনীহার কথাও তিনি চিঠিতে জানিয়েছেন। এ ব্যাপারে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় বৃহস্পতিবার জানিয়েছেন, "আমি এইমাত্র তার চিঠি হাতে পেয়েছি। তার সঙ্গে আমি কথা বলবো, তাকে জাতীয় দলে দরকার। শুনেছি নিজের ক্লাবের সঙ্গে উজ্জ্বলের সমস্যা হয়েছে।"
ফেডারেশন কাপের মাঝপথে উজ্জ্বলের সঙ্গে আবাহনীর টানাপোড়েন শুরু হয়। একটি সূত্র জানিয়েছে, খ্যাপ খেলতে যাওয়ায় ক্লাব কর্মকর্তারা তার ওপর বিরক্ত। এর শাস্তি হিসেবে তাকে ফেডারেশন কাপের সেমিফাইনাল ও ফাইনালের একাদশে রাখেনি আবাহনী। তাই ক্ষুব্ধ হয়ে উজ্জ্বল আবাহনীতে না খেলারও হুমকি দিয়েছেন। যদিও এখনো প্র্যাকটিস করে যাচ্ছেন দলের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১১৫ঘ.
bdnews24