২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটিসেল ফুটসালের শিরোপা জিতেছে ব্রাদার্স ইউনিয়ন

আবাহনী ছেড়ে গিয়ে আব্দুল্লাহ পারভেজ মোক্ষম সময়ে জ্বলে উঠলেন আবাহনীর বিরুদ্ধে। তার দুই গোলে ব্রাদার্স ৪-৩ গোলে ঢাকা আবাহনীকে হারিয়ে সিটিসেল ফুটসাল টুর্নামেন্টের শিরোপা জিতেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2008, 04:24 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- আবাহনী ছেড়ে গিয়ে আব্দুল্লাহ পারভেজ মোক্ষম সময়ে জ্বলে উঠলেন আবাহনীর বিরুদ্ধে। তার দুই গোলে ব্রাদার্স ৪-৩ গোলে ঢাকা আবাহনীকে হারিয়ে সিটিসেল ফুটসাল টুর্নামেন্টের শিরোপা জিতেছে। সোমবার অনেকদিন পর আবার দেখা গেছে আব্দুল্লাহ পারভেজের বাঁ পায়ের ঝলক। গত মৌসুমে আবাহনীর প্রথম একাদশে জায়গা হয়নি তার, মাঝে-মধ্যে বদলি হিসেবে সুযোগ পেয়েছেন। সেই ক্ষোভে এবার নিয়মিত খেলা নিশ্চিত করতে এই মিডফিল্ডার গেছেন ব্রাদার্সে। এবং নতুন দলে গিয়েই তিনি তারকা ! বড় মাঠে পরীক্ষার আগে ছোট মাঠের ফুটসালে আবাহনীকে বধ করে আব্দুল্লাহ পারভেজই হয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। আবাহনী কোচ অমলেশ সেনও অতিকষ্টে তার কৃতিত্বের কথা স্বীকার করেছেন, "খামোকা আমরা প্রথম দুটো গোল খেয়েছি। অবশ্য আব্দুল্লাহ পারভেজ ভালই খেলেছে।" না বলে উপায়ও নেই। ৮ মিনিটে আব্দুল্লাহ পারভেজের বাম পায়ের তীব্র গতির শটেই প্রথম জবাব পেয়ে যায় আবাহনী। মিনিট দুয়েক পর তার দ্বিতীয় গোলে আরো পিছিয়ে পড়ে আকাশী-হলুদরা। ১৬ মিনিটে আরিফের গোলে ব্রাদার্স এগিয়ে যায় ৩-০ গোলে। এত বড় ব্যবধানে এগিয়ে যাওয়া মানে শিরোপার কাছাকাছি পৌঁছে যাওয়া ! সাধারণ ধারণাকে মিথ্যা প্রমাণ করে আবাহনী ঘুরে দাঁড়াতে শুরু করে ১৭ মিনিট থেকেই, তারা ব্যবধান কমায় এমিলির গোলে। ঠিক পরের মিনিটেই মামুনুল ইসলামের বাঁ পায়ের শট ব্রাদার্সের জালে জাড়িয়ে গেলে একপেশে ম্যাচটি পরিণত হয় দুর্দান্ত এক ফাইনালে। প্রথমার্ধে ৩-২ গোলে পিছিয়ে থাকা আবাহনী ৩১ মিনিটে ম্যাচে ফেরে আবুলের গোলে। একে একে গোল শোধ করে আবাহনী আধিপত্য বিস্তার করে শিরোপার দ্বারপ্রান্তেও পৌঁছে গিয়েছিল। নির্ধারিত সময় শেষ হওয়ার মিনিট চারেক আগে পাওয়া পেনাল্টি যেন আকাশী-হলুদ শিবিরে উৎসবের আমেজ বয়ে দিয়ে যায়। পরের মুহূর্তে যা স্তব্ধ হয়ে যায় এমিলির পেনাল্টি-শট মিসে। ঠিক ফেডারেশন কাপের মতোই তারা শিরোপা বঞ্চিত, নতুন মৌসুমে যেন আবাহনীর শিরোপ-ভাগ্য নেই ! ব্রাদার্সের পক্ষে এই শিরোপা-উৎসবের সুযোগ করে দিয়েছেন মতিউর মুন্না ৩৮ মিনিটে বুক-সমান বলে ভলি মেরে জয়সূচক গোল করে। তাদের হাতে প্রথম ফুটসাল টুর্নামেন্টের শিরোপা তুলে দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এবং তিনি প্রতিশ্র"তি দিয়েছেন, "প্রথম আসর বলে হয়তো কিছু অব্যবস্থা হয়েছে। আমি কথা দিচ্ছি আগামীতে আরো ভাল আয়োজন হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১৫০ঘ.