বেইজিং, ২২ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আর মাত্র একটি জয় চাই আর্জেন্টিনার। তাহলেই গ্রেট বৃটেন, উরুগুয়ে আর হাঙ্গেরির পর অলিম্পিক ফুটবলের শিরোপা অক্ষুন্ন রাখার কৃতিত্ব দেখাতে পারবে ম্যারাডোনার দেশ। সেই লক্ষ্যে শনিবার বাংলাদেশ সময় সকাল দশটায় অলিম্পিকের মূল ভেন্যু বার্ডস নেস্ট স্টেডিয়ামে তারা মুখোমুখি হবে নাইজেরিয়ার। যে ম্যাচটা আর্জেন্টাইনদের জন্য একটা প্রতিশোধের উপলক্ষ্যও বটে!
প্রতিশোধের কথাটা একটু খুলেই বলা যাক। এক যুগ আগে আটলান্টা অলিম্পিকের ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দু দল এবং এবারের মতো সেবারও ফেভারিট ছিল আর্জেন্টিনা। কিন্তু অতিরিক্ত সময়ে ইমানুয়েল আমুনিকের লক্ষ্যভেদে ম্যাচটা ৩-২ গোলে জিতে আফ্রিকার প্রথম দেশ হিসাবে অলিম্পিক ফুটবলের সোনা জয়ের গৌরব অর্জন করেছিল নাইজেরিয়া। আর্জেন্টিনা অবশ্য প্রতিপক্ষের জয়সূচক গোলটাকে অফসাইড হিসাবে দাবী করেছিল। কিন্তু সেই দাবী প্রত্যাখ্যাত হওয়ায় আটলান্টায় রূপা জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের। শনিবারের ম্যাচটাতো বর্তমান চ্যাম্পিয়নদের জন্য প্রতিশোধের ম্যাচই হওয়ার কথা!
আর্জেন্টিনার কোচ সার্জিও বাতিস্তা অবশ্য প্রতিশোধের কথা মাথায় আনতেই রাজি নন। '৮৬-র বিশ্বকাপ জয়ী দলের ডিফেন্ডারের মনযোগ বরং শিরোপা অক্ষুন্ন রাখার দিকেই নিবদ্ধ, "আমরা এই ম্যাচকে ঠিক ঐভাবে দেখছি না। আর্জেন্টিনার এবারের দলটা সোনা জেতার জন্য প্রতিটি ম্যাচেই ভালো করতে দৃঢ়প্রতিজ্ঞ।'' সেমিফাইনালে ব্রাজিলকে ৩-০ গোলে বিধ্বস্ত করে টানা একাদশ জয় পাওয়া (যা অলিম্পিক রেকর্ডও বটে) আর্জেন্টিনার এই দলের সবচেয়ে অভিজ্ঞ সদস্য হুয়ান রিকুয়েলমেও প্রতিশোধ নিয়ে মোটেও চিন্তিত নন, "প্রতিশোধ নিয়ে আমরা ভাবছিই না। আমরা সোনা জিততে না পারলে তো আটলান্টায় যা হারিয়েছি তা ফিরে পাবো না!"
নাইজেরিয়ার কোচ স্যামসন সিয়াসিয়ার এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম লিওনেল মেসি। সেটাই স্বাভাবিক। পুরো টুর্নামেন্টে বার্সেলোনা-তারকার অপ্রতিরোধ্য গতি আর ড্রিবলিংয়ের সামনে প্রতিপক্ষ ডিফেন্ডারদের অসহায় আত্মসমর্পণের ঘটনা অজস্র। ব্রাজিলের সঙ্গে তিনটি গোলের দুটোতেই অবদান রাখা মেসিকে নিয়ে একটা করুণ অভিজ্ঞতাও আছে সিয়াসিয়ার। তিন বছর আগে যুব বিশ্বকাপের ফাইনালে মেসির দুর্দান্ত নৈপুণ্যের কাছেই হার মানতে হয়েছিল নাইজেরিয়াকে। সেই দলের কোচ সিয়াসিয়া আজো দুঃখটা ভুলতে পারেননি বলেই শনিবারের ফাইনাল নিয়ে তিনি বাড়তি সতর্ক, "লিওনেল মেসিকে ঠেকানোই আমাদের জন্য সবচেয়ে কঠিন কাজ। সব সময় তার কাছাকাছি থাকা নিশ্চিত করতে হবে আমাদের। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে তাকে যে সব সুযোগ দিতে বাধ্য হয়েছিলাম এবার কিছুতেই তা দেয়া যাবে না।"
সন্দেহ নেই এবারের অলিম্পিকের সবচেয়ে আলোচিত ফুটবলার মেসি। যার খেলা দেখে স্বয়ং ম্যারাডোনাও রোমাঞ্চিত। মেসির ক্যারিয়ারের প্রায় শুরু থেকেই আর্জেন্টাইন ফুটবল-ঈশ্বর তার প্রশংসায় পঞ্চমুখ। বেইজিংয়ে গিয়েও তার ব্যতিক্রম হয়নি। মেসিকে নিজের সঙ্গে তুলনা করে আর্জেন্টিনার '৮৬ বিশ্বকাপ জয়ের নায়কের প্রশংসাভরা মন্তব্য, "মেসি এককথায় অতুলনীয়। খেলার সময় সে কখনো পেছন ফিরে তাকায় না। সব সময় এগিয়ে যায় সামনের দিকে। লিওনেলকে বলা যায় ফুটবলের শেষ বিপ্লব .... সামনে যে-ই থাকুক না কেন সে কাউকে, কোনো কিছুকেই ভয় পায় না। সে আমার অন্যতম প্রিয় খেলোয়াড়। নিঃসন্দেহে আমার সঙ্গে তুলনাটা তার প্রাপ্য।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৩০ঘ.
bdnews24