বেইজিং, ২০ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রাজিল কোচ হিসাবে ডুঙ্গার দিন বোধহয় শেষ হওয়ার পথে! এমনিতেই ব্রাজিলের রক্ষণাত্মক ফুটবলের জন্য ইদানিং স্বদেশের সমালোচকদের তীরে বিদ্ধ হচ্ছিলেন তিনি। মঙ্গলবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ০-৩ গোলে বিধ্বস্ত হওয়ার পর তীরগুলো আরো বেশি তীক্ষ্ণ হওয়ারই কথা। ডুঙ্গা নিজে অবশ্য দায়িত্ব চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। তবে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলে কী হবে, তার দলের খেলা দেখে স্বয়ং ম্যারাডোনাও ভীষণ বিরক্ত।
ব্রাজিলের অনেকেরই ধারণা, অলিম্পিক দলের দায়িত্ব নেয়াটা ঠিক হয়নি ডুঙ্গার। ভ্যান্ডারলি লুক্সেমবার্গোর করুণ পরিণতি মনে রেখে শুধু জাতীয় দলের সঙ্গেই তার থাকা উচিৎ ছিল। আট বছর আগে দুটো দলের কোচের দায়িত্ব পালন করতে গিয়ে ঝামেলা পাকিয়ে ফেলা লুক্সেমবার্গোর উদাহরণ কিন্তু মনে রাখেননি ব্রাজিলের '৯৪ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক। সিডনি অলিম্পিকে ক্যামেরুনের কাছে হেরে ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়ার পর বরখাস্ত হওয়া লুক্সেমবার্গোর মতো ডুঙ্গারও একই পরিণতি হয় কি না সেটাই এখন দেখার!
অথচ ব্রাজিল কোচ হিসাবে ডুঙ্গার শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। ২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরে ব্রাজিল বিদায় নেয়ার পর দায়িত্বটা পেয়েছিলেন তিনি। তার মাসখানেক পর লন্ডনে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের যন্ত্রণা অনেকখানি ভুলতে পেরেছিল ডুঙ্গার ব্রাজিল। এর পর আরো কয়েকটি প্রীতি ম্যাচের সাফল্যে তার দলকে নিয়ে স্বপ্নের জাল বোনা শুরু করেছিল ফুটবল-পাগল ব্রাজিলিয়ানরা। গত বছর কোপা আমেরিকায় ফাইনালের আগ পর্যন্ত ভালো খেলতে না পারলেও ফাইনালে হট ফেভারিট আর্জেন্টিনাকে আবারো ৩-০ গোলের লজ্জা উপহার দেয় ব্রাজিল। যে জয় রাতারাতি ডুঙ্গার জনপ্রিয়তা বাড়িয়ে দেয় বহু গুণ।
কিন্তু তার পর থেকেই ব্রাজিল যেন পথভ্রষ্ট এক দল! ভেনেজুয়েলার সঙ্গে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের যোজন-যোজন ব্যবধান। লাতিন আমেরিকার অন্যতম দুর্বল দলটির কাছে তারা কখনো তো হারেনি বটেই, ড্র-ও করেনি কখনো। জিতেছে আগের ১৭টি ম্যাচের সবগুলোতেই। অথচ সেই ভেনেজুয়েলার বিপক্ষে এক প্রীতি ম্যাচে ০-২ গোলে হেরে দেশের ফুটবলকে বিশাল এক লজ্জা উপহার (!) দিয়েছে ডুঙ্গার। বিশ্বকাপ বাছাইপর্বেও তাদের অবস্থা অত্যন্ত করুণ। প্যারাগুয়ের কাছে হেরে যাওয়ার পর ঘরের মাঠে আর্জেন্টিনার সঙ্গে কোনো রকমে গোলশূন্য ড্র করেছে তারা। সর্বশেষ মঙ্গলবারের লজ্জাজনক পরাজয়ে ডুঙ্গার ভাগ্য এখন সুতার ওপরে ঝুলছে।
তবে ডুঙ্গা এখনই সরে দাঁড়াতে অনিচ্ছুক। সংবাদ সম্মেলনে সে কথাই জানালেন সবার আগে, "হেরে যাওয়ার পরও আমি আমার দায়িত্ব চালিয়ে যাব। এবং আমার খেলার ধরনটা ধরে রাখবো। এমন কঠিন সময়েও দায়িত্ব চালিয়ে যাওয়ার মতো দৃঢ়তা আমার আছে। আমরা (অলিম্পিকে) সোনা জয়ের জন্য কাজ করেছি। কিন্তু এমন একটা সময় আসে যখন এ ধরনের লক্ষ্য পূরণ সম্ভব হয় না।" সেই সঙ্গে লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ ডুঙ্গা অকপটে স্বীকার করলেন বার্সেলোনা তারকাকে আটকাতে তার দলের ব্যর্থতার কথা, "কোনো কোনো দিন আপনি হয়তো মেসিকে আটকাতে পারবেন। কোনো কোনো দিন পারবেন না। মেসিকে আটকানোর জন্য আমরা যে কৌশল নিয়েছিলাম আজ (মঙ্গলবার) তা কোনো কাজে আসেনি।" মেসির পাশাপাশি ম্যাচে প্রতিপক্ষের শ্রেষ্ঠত্বও নির্দ্বিধায় মেনে নিয়েছেন তিনি, "ম্যাচটা খুব কঠিন ছিল। আর্জেন্টিনা খুব ভালো খেলেছে, প্রচন্ড একাগ্রতা নিয়ে খেলেছে তারা। আর এই কাজে তারা খুবই দক্ষ।"
ডুঙ্গা যেমন আর্জেন্টিনার খেলায় মুগ্ধ ম্যারাডোনা ঠিক তেমনি ব্রাজিলের খেলা দেখে বিরক্ত। আর্জেন্টাইন ফুটবল-ঈশ্বরের দাবী, ব্রাজিলকে এতটা খারাপ খেলতে তিনি বহু দিন দেখেননি, "আমি দীর্ঘ দিন ব্রাজিলকে এতটা বিরক্তিকর ও রক্ষণাত্মক খেলতে দেখিনি। তারা রক্ষণের খোলস থেকে বেরিয়ে এসে নিজেদের মতো করে খেলতে পারেনি। রোনালদিনিয়োকে কেউ সাহায্য করেনি বলে তারা কখনোই স্বচ্ছন্দ ছিল না। আমার মতে মাঠে আর্জেন্টিনা প্রত্যেক মিটারে তাদের চেয়ে অনেক এগিয়েছিল।"
এই জয় দিয়ে কোপা আমেরিকার ফাইনাল ও লন্ডনের সেই ম্যাচে দুঃখ অনেকটাই ভুলতে পারছে আর্জেন্টিনা। বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়নদের কোচ সার্জিও বাতিস্তা জানাচ্ছেন কোপার ঐ পরাজয় থেকে শিক্ষা নিয়ে ব্রাজিলকে 'বধ' করার কথা,"ব্রাজিলের সঙ্গে সেই ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখেছি। আপনাকে তাদের জন্য অপেক্ষা করতে হবে এবং তাদের ওপরে সরাসরি আক্রমণে ঝাঁপিয়ে পড়া ঠিক হবে না। আমরা জানতাম যে ব্রাজিলও আমাদের জন্য অপেক্ষা করবে। তাই আমরা ধৈর্য্য ধরেছি এবং ওদের ওপরে আক্রমণে ঝাঁপিয়ে পড়ার জন্য কোনো রকম তাড়াহুড়া করিনি। প্রত্যেক ক্ষেত্রে আর মাঠের প্রত্যেকটা জায়গায় আমরা দুর্দান্ত একটা ম্যাচ খেলেছি।"
কোপার ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পেছনে বড় একটা কারণ ছিল হুয়ান রিকুয়েলমের অনুজ্জ্বল পারফরম্যান্স। এক বছরেরও বেশি সময় ধরে বয়ে বেড়ানো সেই দুঃখকে চাপা দিতে পেরে রিকুয়েলমে স্বাভাবিকভাবেই দারুণ খুশি, "আমরা যেভাবে জিততে পছন্দ করি ঠিক সেভাবেই জিতেছি। আমরা আমাদের খেলার ধরনের ওপরে আস্থা রেখেছি। এই জয় আমাদেরই প্রাপ্য।" সেই সঙ্গে এটাকে বছর তিনেক আগে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের বিপক্ষে ৩-১ গোলে পাওয়া জয়ের চেয়েও এগিয়ে রাখছেন তিনি, "সেটাও একটা অবিশ্বাস্য জয় ছিল। সেদিন আমরা প্রথমার্ধেই তিন গোল করেছিলাম। কিন্তু এই জয় বিশেষ কিছু। কারণ এই জয় দিয়ে আমরা ফাইনালে পৌঁছে গেছি। আশা করি এটা আমাদের দেশকে সুখী করে তুলবে।"
রিকুয়েলমের আশাবাদ অনেকাংশে সঠিক। চিরপ্রতিদ্বন্দ্বীদের উড়িয়ে দেয়ার পর একটা অনলাইন সমীক্ষা চালিয়েছে আর্জেন্টিনার শীর্ষস্থানীয় দৈনিক 'ক্লারিন'। সেই সমীক্ষায় ৬৩ শতাংশ আর্জেন্টাইন জানিয়েছেন গত এক দশকে এটাই ছিল জাতীয় দলের সবচেয়ে উপভোগ্য ম্যাচ।
গোল ডটকম-এর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৪০ঘ.
bdnews24