বেইজিং, ১৫ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বেইজিং অলিম্পিকে যথারীতি মাইকেল ফেলপসের বিস্ময়কর অগ্রযাত্রা অব্যাহত ! শুক্রবার নতুন বিশ্ব রেকর্ড গড়েই ২০০ মিটার ব্যক্তিগত মিডলের সোনা জিতে নিয়েছেন তিনি। এবারের অলিম্পিকে এটা তার ষষ্ঠ সোনা জয়। এবং এর সবগুলোতেই হয়েছে নতুন রেকর্ড। এক অলিম্পিকে মার্ক স্পিৎজের ৭টি সোনা জয়ের রেকর্ড ভাঙ্গতে আর মাত্র দুটো শিরোপা প্রয়োজন ফেলপসের।
আগের দিন ইতিহাসের সফলতম অলিম্পিয়ান ফেলপসের কোনো ফাইনাল ছিল না। প্রথম দিন থেকে সাঁতারে আধিপত্য দেখানো মার্কিনিরাও কোনো সোনা জিততে পারেনি। তবে শুক্রবার ফেলপসের নেতৃত্বে সাফল্যের উৎসবে মেতে উঠেছে যুক্তরাষ্ট্রের সাঁতার দল। ছেলে ও মেয়েদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকের দুটো সোনাই ঘরে তুলেছে তারা। ছেলেদের শিরোপা জিতেছেন রায়ান লকটে, আর মেয়েদেরটা রেবেকা সোনি। এবং দুটোতেই হয়েছে বিশ্ব রেকর্ড। শুক্রবার সাঁতারের অন্য ইভেন্ট মেয়েদের ১০০ মিটার ফ্রিস্টাইলে সোনা পেয়েছেন জার্মানির ব্রিটা স্টিফেন।
তবে যথারীতি পাদপ্রদীপের আলোটা ছিল চার বছর আগে এথেন্সে ৬টি সোনা জয়ী ফেলপসকে ঘিরে। এবারের অলিম্পিকে এর আগে ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে, ২০০ মিটার ফ্রিস্টাইল ও ২০০ মিটার বাটারফ্লাইয়ে রেকর্ড গড়ে সোনা জিতেছেন। ছিলেন ৪*১০০ ও ৪*২০০ মিটার ফ্রিস্টাইল রিলের রেকর্ড ভেঙ্গে দেয়া শিরোপা জয়ী দলেও। শুক্রবার নিজের অন্যতম প্রিয় ইভেন্ট ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতেও ফেলপসের সঙ্গে পেরে ওঠেননি তার প্রতিদ্বন্দ্বীরা।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস অর্থাৎ গত ৪ জুলাই অলিম্পিক ট্রায়ালে ১ মিনিট ৫৪.৮০ সেকেন্ডে এই ইভেন্টের বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি। শুক্রবার ১ মিনিট ৫৪.২৩ সেকেন্ডে সেই রেকর্ড ভেঙ্গে দিয়ে স্পিৎজের অবিশ্বাস্য কীর্তিকে ম্লান করার পথে আরেক ধাপ এগিয়ে গেলেন ফেলপস। বেইজিংয়ে ষষ্ঠ সোনা জয়ের ব্যাখ্যা দিতে গিয়ে তার মন্তব্য, "প্রথম ৫০ মিটারেই আমি কিছুটা এগিয়ে যেতে চেয়েছিলাম। চেষ্টা করছিলাম শুরুতেই লিড নিয়ে নেয়ার। জানতাম যে প্রথম ভাগে যথেষ্ট লিড নিতে পারলে তা ধরে রাখতে পারবো। আমি শুধু এটাই করতে চেয়েছি।" তার পেছনে থেকে রূপা ও ব্রোঞ্জ জিতেছেন হাঙ্গেরির লাজলো সেহ ও রায়ান লকটে। শনিবার সপ্তম সোনা জয়ের লক্ষ্যে ১০০ মিটার বাটারফ্লাইয়ে লড়বেন ফেলপস। রোববার তার শেষ ইভেন্ট ৪*১০০ মিটার মিডলে রিলের ফাইনাল। এ দুটোতেও তিনি সাফল্য পেলে ভেঙ্গে যাবে ১৯৭২এর মিউনিখ অলিম্পিকে স্পিৎজের সাতটি সোনা জয়ের অবিস্মরণীয় রেকর্ড।
ফেলপসের দ্যুতিতে ঢাকা পড়ে যাওয়া লকটে অবশেষে জিতেছেন তার প্রথম ব্যক্তিগত অলিম্পিক সোনা। ২০০ মিটার ব্যাকস্ট্রোকের সোনা জয়ের পথে ১ মিনিট ৫৩.৯৪ সেকেন্ডের নতুন বিশ্ব রেকর্ড গড়া লকটে পেছনে ফেলেছেন আরেক মার্কিনি এবং এই ইভেন্টে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী অ্যারন পেইরসলকে। গত বছর মেলবোর্নে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১ মিনিট ৫৪.৩২ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ডটাও গড়েছিলেন লকটে-ই। আর অলিম্পিক ট্রায়ালে রেকর্ডটা স্পর্শ করেছিলেন পেইরসল। এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন রাশিয়ার আরকাদি ভায়াতচানিন।
সাঁতারে মার্কিনিদের জয়জয়কারের দিনে মেয়েদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকের রেকর্ডও অক্ষত থাকতে দেননি রেবেকা সোনি। এই ইভেন্টের বিশ্ব চ্যাম্পিয়ন ও বিশ্ব রেকর্ডের অধিকারী লিজেল জোন্সকে হারিয়ে বড় এক অঘটনের জন্ম দিয়েছেন তিনি। ২ মিনিট ২০.২২ সেকেন্ডে সবার আগে টাচলাইন স্পর্শ করে জোন্সের গড়া আগের রেকর্ড থেকে ০.৩২ সেকেন্ড মুছে দিয়েছেন সোনি। সোনি-জোন্সের পেছনে থেকে ব্রোঞ্জ জিতেছেন নরওয়ের সারা নরডেনস্ট্যাম।
মেয়েদের সাঁতারে শুরু থেকে দাপট দেখানো অস্ট্রেলিয়ার হতাশা এখানেই শেষ হয়নি। আরেক বিশ্ব চ্যাম্পিয়ন লিবি ট্রিকেটও ১০০ মিটার ফ্রিস্টাইলে হতাশ করেছেন স্বদেশবাসীদের। ৫৩.১২ সেকেন্ডের নতুন অলিম্পিক রেকর্ড গড়ে এই ইভেন্টের সোনা জিতেছেন ব্রিটা স্টিফেন। ট্রিকেটকে তাই রূপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। ব্রোঞ্জ যুক্তরাষ্ট্রের নাটালি কফলিনের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৩৪৭ঘ.
bdnews24