২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিক রোনালদিনহোর কাছে স্বপ্নপূরণ এবং নতুন শুরুর মিশন

রোনালদিনহোর জন্য সমস্যা হতে পারে একটাই। অনুপ্রেরণার অভাব। দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলার হয়েছেন, ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছেন, তার তুলনায় অলিম্পিক তো অনেকটা শৌখিন ধরনের প্রতিযোগিতা। তার ওপর গত বছর খানেক মাঠের চেয়ে ক্লাবেই যেখানে বেশি সময় কাটাতে চেয়েছেন রোনালদিনহো, তাই প্রশ্নটা থাকছেই। কিন্তু রোনালদিনহো সব উড়িয়ে দিয়ে জানালেন, মাঠে নামার জন্য তার নাকি তর সইছে না। এবং অনুপ্রেরণারও কোনো অভাব নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2008, 02:03 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

শেনইয়াং, চীন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- রোনালদিনহোর জন্য সমস্যা হতে পারে একটাই। অনুপ্রেরণার অভাব। দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলার হয়েছেন, ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছেন, তার তুলনায় অলিম্পিক তো অনেকটা শৌখিন ধরনের প্রতিযোগিতা। তার ওপর গত বছর খানেক মাঠের চেয়ে ক্লাবেই যেখানে বেশি সময় কাটাতে চেয়েছেন রোনালদিনহো, তাই প্রশ্নটা থাকছেই। কিন্তু রোনালদিনহো সব উড়িয়ে দিয়ে জানালেন, মাঠে নামার জন্য তার নাকি তর সইছে না। এবং অনুপ্রেরণারও কোনো অভাব নেই। বৃহস্পতিবার বেলজিয়ামের সঙ্গে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ব্রাজিলের অলিম্পিক মিশন, তার আগের দিন মানে বুধবার শুরু হচ্ছে ফুটবল প্রতিযোগিতা। যদিও অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন হবে শুক্রবার ৮ আগস্ট। এই মিশনের জন্য প্রস্তুতি নিতে রোনালদিনহোর দল এরই মধ্যে পৌঁছে গেছে চীনে। শেনইয়াংয়ে চলছে দলের অনুশীলন। সেখানেই সোমবার তিনি বলেছেন, ''যা আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করছে সেটা হলো অলিম্পিকে প্রথম সোনা জিতে ব্রাজিলিয়ান ফুটবল ইতিহাসের নতুন অধ্যায়ের সঙ্গে সম্পৃক্ত থাকা।" হ্যাঁ, প্রথম অলিম্পিক সোনাই, কারণ পাঁচবার বিশ্বকাপ জিতলেও এই একটা প্রতিযোগিতার শ্রেষ্ঠত্ব রয়ে গেছে তাদের নাগালের বাইরে। এমনকি রোনালদিনহো নিজে চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন একবার। ২০০০ সালে ক্যামেরুনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়া ব্রাজিল দলের সদস্য ছিলেন তিনি, এর আগের বছর ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকে তারা জিতেছিল ব্রোঞ্জ। আর ১৯৮৪ এবং ১৯৮৮ সালে টানা দুইবার তারা জিতেছিল রূপা। অধরা সোনার জন্য ব্রাজিল কোচ ডুঙ্গা এবার দলে নিয়েছেন রোনালদিনহোর মতো তারকা খেলোয়াড়কে। আর রোনালদিনহো এই সুযোগটা হাতছাড়া হতে দিতে রাজি নন একদম, ''খুব অল্প-সংখ্যক খেলোয়াড়ই দু'বার অলিম্পিকে খেলার সুযোগ পায়। আমি প্রথমবার হাতছাড়া হওয়া সুযোগটা এবার আর নষ্ট করতে রাজি নই।'' গত মৌসুমে বার্সেলোনার হয়ে যাচ্ছেতাই একটা সময় কাটিয়েছেন রোনালদিনহো। দিন-বদলের স্বপ্নে এবার যোগ দিয়েছেন ইতালিয়ান জায়ান্ট এসি মিলানে। রোনালদিনহো শুরুটা করতে চান অলিম্পিক থেকেই, ''যখনই একজন পেশাদার খেলোয়াড় নতুন একটা ক্লাবে যান তখনই নতুন করে শুরু করতে হয় তাকে। আমি এটাকে (অলিম্পিকটাকে) সুযোগ হিসেবে কাজে লাগাতে চাই। এবং আমি আমার সেরাটা দিতে তৈরি।'' অলিম্পিকের 'সি' গ্র"পে বেলজিয়াম ছাড়া ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ স্বাগতিক চীন এবং নিউজিল্যান্ড। গ্র"পের প্রথম দুটো দল খেলবে কোয়ার্টার ফাইনালে। গোল ডটকমের সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/১৯৩০ঘ.