মাদ্রিদ, ৩১ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্রিস্টিয়ানো রোনালদো শেষ পর্যন্ত কার, ম্যানচেস্টার ইউনাইটেড নাকি রিয়াল মাদ্রিদের? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেক দিন ধরেই। রোনালদোর ছেলেবেলার স্বপ্ন রিয়ালের হয়ে খেলার, রিয়াল তাকে নিতেও চায়, কিন্তু ম্যানইউর অনিচ্ছার কারণে তার যাওয়াটা হয়ে উঠছিল না। তবে এ অবস্থায় আর বোধহয় বেশি দিন নয়, এবার রোনালদো সরাসরিই বলেছেন, এক সপ্তাহের মধ্যেই রিয়ালে যোগ দেবেন। এর আগে রেমন ক্যালদেরন যা বলেছিলেন তাতে ধরে নেয়া যায় রোনালদোর মাদ্রিদে যাবার ব্যাপারে আপাতত আর বড় কোনো বাধা নেই। রিয়াল প্রেসিডেন্ট ক্যালদেরন জানিয়েছিলেন, ক্রিস্টিয়ানো রোনালদোর ঠিকানা কী হবে তা স্থির করতে হবে তাকেই, এখানে স্প্যানিশ চ্যাম্পিয়নদের ভূমিকা শুধুই দর্শকের।
সেই হিসেবে সঙ্কট নিরসন হয়ে গেছে রোনালদোর কথাতেই। চোট সারাতে পর্তুগীজ তারকা এখন নিজের দেশে। সেখান থেকে তিনি স্পেনের 'এএস' পত্রিকাকে জানিয়েছেন এ সপ্তাহেই শেষ হচ্ছে তার ম্যানচেস্টার ইউনাইটেড-পর্ব, "আগামী সপ্তাহে ইংল্যান্ডে ফিরে ওদের (ম্যানচেস্টার ইউনাইটেড) বলে দেবো, রিয়াল মাদ্রিদের হয়ে খেলাই আমার একমাত্র ইচ্ছা আর এ ব্যাপারে আমি কোনো ছাড় দেবো না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এমএম/২১৪০ঘ.
bdnews24