২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির সামনে স্পেন

গ্র"প পর্বে দু দলের পারফরম্যান্স বিচার করলে এ ম্যাচে স্পেনকেই এগিয়ে রাখতে হবে। তিন ম্যাচ জিতে 'সি' গ্র"পের শীর্ষস্থান নিশ্চিত করতে তেমন সমস্যা হয়নি স্প্যানিয়ার্ডদের। অন্যদিকে তাদের ঠিক বিপরীত অবস্থায় পড়তে হয়েছিল ইতালিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2008, 06:21 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ভিয়েনা, ২১ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্র"প পর্বে দু দলের পারফরম্যান্স বিচার করলে এ ম্যাচে স্পেনকেই এগিয়ে রাখতে হবে। তিন ম্যাচ জিতে 'সি' গ্র"পের শীর্ষস্থান নিশ্চিত করতে তেমন সমস্যা হয়নি স্প্যানিয়ার্ডদের। অন্যদিকে তাদের ঠিক বিপরীত অবস্থায় পড়তে হয়েছিল ইতালিকে। নেদারল্যান্ডসের কাছে পরাজয় আর রুমানিয়ার সঙ্গে ড্র খাদের কিনারে ঠেলে দিয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নদের। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে ফ্রান্সকে হারাতেই হবে --- এমন কঠিন সমীকরণের সামনে পড়ে যাওয়া ইতালি শেষ পর্যন্ত জ্বলে উঠেছে, ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে নিশ্চিত করেছে ইউরো ২০০৮-এর কোয়ার্টার ফাইনালে উত্তরণ। রোববার ভিয়েনায় চতুর্থ কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ স্পেন। গ্র"প পর্বের পারফরম্যান্সের হিসাবে যে ম্যাচে ইতালিকে মনে হতে পারে আন্ডারডগ! তবে নকআউট পর্বের কথা আলাদা। সেটা সবচেয়ে ভালোভাবে উপলব্ধি করার কথা স্পেনের। প্রায় প্রত্যেক টুর্নামেন্টেই ফেভারিট হিসাবে শুরু করা স্প্যানিয়ার্ডরা নকআউট পর্বে গিয়ে কেমন যেন খেই হারিয়ে ফেলে! দু বছর আগে গত বিশ্বকাপে যেমন দ্বিতীয় রাউন্ডে দুর্দান্ত খেলেও তারা হার মেনেছিল ফ্রান্সের কাছে। অবশ্য এখন স্পেন দারুণ ভারসাম্যপূর্ণ এক দল। বিশ্বকাপের ঐ পরাজয়ের দিকে ইঙ্গিত করে তাদের মিডফিল্ডার জাবি আলোনসোর আত্মবিশ্বাসে ভরা মন্তব্য, "বিশ্বকাপের পর থেকে এই দল অনেক কিছু শিখেছে। তখন আমরা তরুণদের নিয়ে গড়া একটি দল ছিলাম আর এখন আমরা জানি এ ধরনের প্রতিযোগিতা আসলে কেমন হয়।" কথাটা মিথ্যা নয়। ডেভিড ভিয়ার দুর্দান্ত এক হ্যাটট্রিকে রাশিয়াকে ৪-১ গোলে বিধ্বস্ত করে টুর্নামেন্ট শুরু করা স্পেন পরের ম্যাচে সুইডেনের বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে নিশ্চিত করে ফেলে কোয়ার্টার ফাইনাল। গ্র"পের শীর্ষস্থান নিশ্চিত হয়ে যাওয়ায় গ্রিসের বিপক্ষে শেষ ম্যাচে দ্বিতীয় সারির দল নামিয়েছিলেন কোচ লুই আরাগোনেস। তারপরও সেই ম্যাচে ২-১ গোলে জিতে আগের বারের চ্যাম্পিয়ন গ্রিসের জন্য ইউরো ২০০৮ বিস্মরণযোগ্য করে দেয় স্পেন। টানা ২০ ম্যাচে অপরাজিত স্পেন ইতালির বিপক্ষে পাচ্ছে এক সপ্তাহ বিশ্রামে থাকার সুবাদে তরতাজা খেলোয়াড়দের নিয়ে গড়া একটি দল। ইতালির সঙ্গেই ইউরো ২০০৮এর এক প্রস্তুতি ম্যাচে পাওয়া জয়ও রোববার তাদের জন্য বড় এক অনুপ্রেরণার উৎস। তবে কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ইতালি বলেই স্পেনের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। এটা ঠিক যে টুর্নামেন্টের শুরুটা মোটেও ভালো হয়নি 'আজ্জুরি'দের। ডাচদের কাছে ০-৩ গোলে বিধ্বস্ত হওয়ার পর রুমানিয়ার বিপক্ষেও পরাজয়ের আশঙ্কায় পড়ে গিয়েছিল তারা। অনেকের মতেই বিশ্বসেরা গোলরক্ষক জিয়ানলুইজি বুফন আদ্রিয়ান মুটুর পেনাল্টি ঠেকাতে না পারলে সেদিনই হয়তো বিদায়ঘন্টা বেজে যেতো চার বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। কিন্তু বুফনের অসাধারণ দৃঢ়তা এবং গ্র"পের শেষ ম্যাচে ফ্রান্সের সঙ্গে উজ্জীবিত পারফরম্যান্সের যোগফলে আজ তারা শেষ আটে। তবে ওই ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্সের পরও ইতালির সব দুশ্চিন্তা কাটেনি। দুটো হলুদ কার্ড দেখে এক ম্যাচের জন্য সাসপেন্ড হওয়ায় কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না দুই অভিজ্ঞ মিডফিল্ডার আন্দ্রিয়া পির্লো ও জেন্নারো গাত্তুসো। তাদের জায়গা নেয়ার কথা মাসিমো আম্ব্রোসিনি ও মাউরো কামোরানেসির। দু জনই অভিজ্ঞ, তারপরও গাত্তুসোর হাল-না-ছাড়ার মানসিকতা আর, সেটপিস অর্থাৎ কর্নার,ফ্রিকিকে পির্লোর দক্ষতা মিস করবেই 'আজ্জুরি'রা। আর মিস করবে ফ্যাবিও ক্যানাভারোকে। গত বিশ্বকাপে অসাধারণ খেলা ইতালির অধিনায়ক ইনজুরির কারণে খেলতে পারছেন না এই টুর্নামেন্টে। ২০০৬-এর ফিফা বর্ষসেরা ফুটবলার ক্যানাভারোর অনুপস্থিতিতে ইতালির জগদ্বিখ্যাত ডিফেন্স কেমন যেন দিশেহারা, উদভ্রান্ত। স্পেনের দুর্দান্ত ফরোয়ার্ড লাইনকে এই ডিফেন্স রুখে দিতে পারে কিনা সেটাই এখন দেখার। ইউরো ২০০৮-এ স্পেনের ফরোয়ার্ডদের পারফরম্যান্স সত্যিই দুর্দান্ত। ডেভিড ভিয়া ও ফার্নান্দো তরেসের স্ট্রাইকিং জুটি তো প্রতিপক্ষের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। রাশিয়ার সঙ্গে টুর্নামেন্টের একমাত্র হ্যাটট্রিক করা ভিয়াকে ঘিরে পাদপ্রদীপের আলোটা বেশি উজ্জ্বল হলেও অন্য স্ট্রাইকার তরেসও কম বিপজ্জনক নন। লিভারপুলের হয়ে এ মৌসুমে ৩৩ গোল করেছেন তরেস। যদিও এই টুর্নামেন্টে গোল করার চেয়ে গোল করানোর দিকেই যেন তার বেশি আগ্রহ! রাশিয়ার সঙ্গে নিজের তিন গোলের দুটোর পেছনেই তো তার এই প্রিয় বন্ধুর অবদানকে বড় করে দেখছেন ভিয়া, "তার (তরেসের) দক্ষতার সুযোগ নিয়ে দুই গোল করেছি আমি। সে অদেখা কাজটা করেছে আর আমি তার কৃতিত্ব পেয়েছি। আমার প্রথম দুটো গোলের পেছনেই তরেসের ধন্যবাদ প্রাপ্য। প্রথমটায় সে আমাকে পাস দিয়েছে আর দ্বিতীয়টাতে (গোল করার) জায়গা করে দিয়েছে আমাকে।" বর্তমান ফর্ম স্পেনকে এগিয়ে রাখলে দু দলের মুখোমুখি লড়াইয়ে কিন্তু ইতালিই এগিয়ে। ২৮টি ম্যাচে স্পেনের ৮টি জয়ের বিপরীতে ইতালির জয় ৯টি। বাকি ১১ ম্যাচের কোনো মীমাংসা হয়নি। তবে মাঠে নামার পর এই পরিসংখ্যান মূল্যহীন হয়ে পড়ার কথা। দু দলের তখন একটাই লক্ষ্য থাকবে --- এই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করা। শতভাগ জয় দিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছানো এবং প্রস্তুতি ম্যাচে ইতালির সঙ্গে জয় পাওয়ায় মানসিকভাবে এই লড়াইয়ে স্পেন হয়তো কিছুটা এগিয়ে। তবে ইতালির সামনেও অনুপ্রেরণার অভাব নেই। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় ফ্রান্সকে হারিয়ে শেষ আট নিশ্চিত করার অনুপ্রেরণা তো আছেই, প্রায় একই অবস্থা থেকে জার্মানির দুর্দান্ত পারফরম্যান্সও উজ্জীবিত করতে পারে বিশ্ব চ্যাম্পিয়নদের। সব মিলিয়ে ভিয়েনায় একটা জমজমাট লড়াইয়ের মঞ্চ প্রস্তুত ফুটবলপ্রেমীদের জন্য! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এসি/২১৩৩ ঘ.