২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানকে ৬-৫ গোলে হারিয়ে 'ফাইনালে' আবাহনী

মোহামেডান পারেনি আবাহনীর শিরোপার দুয়ার বন্ধ করতে। তাদের ৬-৫ গোলে হারিয়ে গ্রীন ডেল্টা হকি লিগ শিরোপার অনেক কাছাকাছি পৌঁছে গেছে আবাহনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2008, 05:09 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- মোহামেডান পারেনি আবাহনীর শিরোপার দুয়ার বন্ধ করতে। তাদের ৬-৫ গোলে হারিয়ে গ্রীন ডেল্টা হকি লিগ শিরোপার অনেক কাছাকাছি পৌঁছে গেছে আবাহনী। মঙ্গলবারের এ জয়টা আসলে আবাহনীর কৌশলের। নিজেদের শক্তি ও খামতির জায়গাগুলো বিশ্লেষন করে রক্ষণ ও আক্রমনের চমৎকার মিশ্রণের সুফল পেয়েছে আকাশী-হলুদরা। মিডফিল্ডার ইমরান খান হয়ে গেছেন ডিফেন্ডার, অধিনায়ক এহসান রানা পাহারা দিয়েছেন মোহামেডানের পাকিস্তানী ফরোয়ার্ড সাব্বিরকে। রানার অবর্তমানে রনি হয়ে গেছেন আরো দক্ষ পাহারাদার। স্ট্রাইকার জিমি নিজের জায়গা ছেড়ে খেলেছেন নীচে নেমে, কখনোবা রক্ষণভাগেও ! সব মিলিয়ে বলা যায়, শুরু থেকে খানিকটা রক্ষণাত্মক মেজাজে পাল্টাআক্রমন-নির্ভর খেলেই "ফাইনালে" আবাহনী। লিগে ফাইনাল হয় না, তারপরও আবাহনীর কোচ মাহবুব হারুনের চোখে ঊষার বিপক্ষে এই লিগে তাদের শেষ ম্যাচটি ফাইনাল ম্যাচের মতোই, "মোহামেডানকে হারিয়ে সেমিফাইনাল পার হলাম। কাউন্টার অ্যাটাকে খেলা ছাড়া আমাদের কোনো বিকল্প ছিল না। শেষের দিকে এলোমেলো না খেললে আরো বড় ব্যবধানে জিততে পারতাম আমরা। তারপরও খেলোয়াড়দের ধন্যবাদ জানাই, সুযোগটা তারা কাজে লাগিয়েছে।" আগের ম্যাচে ঊষাকে হারিয়ে মোহামেডানই এই সুযোগটা উপহার দিয়েছিল চিরপ্রতিদ্বন্দিদের। যে ম্যাচে জিতলে ঊষা চ্যাম্পিয়ন হয়ে যায় সেই ম্যাচে তারা মোহামেডানের কাছে হেরে যাওয়ায় শিরোপা-দৌড়ে টিকে থাকে আবাহনী। এবং মঙ্গলবার মোহামেডানকেই হারিয়ে শিরোপা-স্বপ্ন উজ্জ্বল করে তুলেছে। এ জয়ের ফলে ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে আবাহনী আগামী শুক্রবার শিরোপা নির্ধারনী ম্যাচে ঊষার মুখোমুখি হবে। সেদিন অবশ্য জিততেই হবে আবাহনীকে, কেননা ড্র করলেও চ্যাম্পিয়ন হয়ে যাবে ১২ ম্যাচে ৩৩ পয়েন্ট পাওয়া ঊষা। মাওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত মঙ্গলবারের ম্যাচে আবাহনী একটু রক্ষণাত্মক কৌশলে খেলা শুরু করলেও ২ মিনিটেই গোল পেয়ে যায়। বাঁদিক থেকে রাসেল মাহমুদ জিমির ক্রসে মোহামেডানের ডিফেন্ডারদের ভুলে বল পেয়ে যান শুভ, গোল করার অনেক সময় ছিল তার হাতে, তাই সুযোগ নষ্ট করেননি। তবে পরের মিনিটেই ম্যাচের প্রথম পেনাল্টি কর্ণার থেকে ইসার গোলে সমতা ফেরায় মোহামেডান। তারপর শুরু হয় আবাহনীর পেনাল্টি কর্ণার থেকে গোল করার পালা। ১৪ ও ১৯ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে পরপর দুটো গোল করেন মামুনুর রহমান চয়ন। ঊষার বিপক্ষে সর্বশেষ ম্যাচে এই চয়নই মিস করেছিলেন পেনাল্টি স্ট্রোক, হেরে গিয়েছিল আবাহনী। চয়নের দু গোলের পর ২৬ মিনিটে শুভ'র তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে আবাহনীকে ৪-১-এ এগিয়ে দেন পাকিস্তানী খেলোয়াড় মোদাচ্ছের। ম্যাচের ওই সময়টা শুধু গোলই হজম করেছে মোহামেডান, পাল্টা জবাব দেওয়ার কথা যেন ভুলেই গিয়েছিল তারা। আসলে পাকিস্তানী ফরোয়ার্ড সাব্বিরকে অকেজো করে দেওয়ায় প্রথমার্ধে মোহামেডানের আক্রমণ দানাই বাঁধতে পারেনি। কিন্তু ৪-১ গোলে এগিয়ে যাওয়ায় দ্বিতীয়ার্ধে একটু ঢিলেঢালা ভাব চলে আসে আবাহনীর খেলোয়াড়দের মাঝে। তার খেসারতও দিতে হয় তাদের। ৪৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলের পক্ষে দ্বিতীয় গোল করেন সাব্বির। ওই গোলের পর মোহামেডান খেলায় ফিরে আসতে মরীয়া হয়ে ওঠে। তাদের আক্রমনের তোপে নিজেদের কৌশলের কথা ভুলে দিশেহারা হয়ে পড়ে আবাহনী। সেই পরিস্থিতিকে আরো ভালো কাজে লাগাতে পারতো মোহামেডান। কিন্তু ফল হয়েছে উল্টো, পাল্টা আক্রমন থেকে আরেকটি গোল হজম করে বসে তারা। ৫৩ মিনেট মোদাচ্ছেরের পাস আয়ত্তে নিয়ে ফাঁকায় দাঁড়িয়ে থাক শুভ মোহামেডান গোলরক্ষক কিরণকে ফাঁকি দেন। ৬৫ মিনিটে মোহামেডানের গোলাম মোস্তফা মানিক ব্যবধান কমিয়ে ৫-৩ করলেও মিনিট দুয়েক পর পেনাল্টি কর্ণার থেকে নিজের তৃতীয় গোল করেন আবাহনীর চয়ন। চারটি পেনাল্টি কর্ণারের মধ্যে তিনটিকে গোলে পরিণত করে তিনি বিস্ময়কর সাফল্য দেখিয়েছেন। তার এই সাফল্যই আবাহনীর জয়ে বড় ভূমিকা রেখেছে। অন্যদিকে মোহামেডানের দূর্বলতা ছিল ওই পেনাল্টি কর্ণারেই। দ্বিতীয়ার্ধে ৬ টা পেনাল্টি কর্ণার থেকে মাত্র একটি গোল পেয়েছে তারা। তারপরও শেষ মিনিটে সাব্বির (পেনাল্টি স্ট্রোক) ও গোলাম মোস্তফা মানিকের দু-দুটো গোলে মোহামেডান খানিকটা উত্তেজনা ছড়িয়েছিল, তবে পরাজয় এড়াতে পারেনি। জিতলেও অবশ্য খুব বেশি লাভ হতো না তাদের, মঙ্গলবারের হারের ফলে ১২ ম্যাচে ২৬ পয়েন্ট পাওয়া মোহামেডান শিরোপা-দৌড় থেকে ছিটকে পড়েছে অগেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসি/২১০৩ ঘ.