মাদ্রিদ, ১২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাফল্য কিংবা ব্যর্থতা, কোনো কিছুই তার অভিব্যক্তিতে ফুটে ওঠে না সেভাবে। মাথা ঠান্ডা রেখে, ভাবলেশহীন মুখে দলের পারফরম্যান্স প্রত্যক্ষ করাই ফ্র্যাঙ্ক রাইকার্ডের প্রধান বৈশিষ্ট্য। কিন্তু রোববার সেই রাইকার্ডই নিজের মনোবেদনা লুকিয়ে রাখতে পারলেন না। বার্সেলোনার কোচ হিসাবে ন্যু ক্যাম্পে নিজের শেষ ম্যাচে দলের পরাজয়ের বেদনা তাকে ভীষণ আক্রান্ত করেছে।
সেটাই স্বাভাবিক। টানা দুই মৌসুম বার্সেলোনাকে কোনো শিরোপা এনে দিতে না পারার মাশুল দিয়ে তিন দিন আগে চাকরি হারিয়েছেন তিনি। ঘরের মাঠে শেষ ম্যাচে খেলোয়াড়দের কাছে বড় কিছুও চাননি। শুধু চেয়েছিলেন রিয়াল মায়োরকার বিপক্ষে জয় দিয়ে ন্যু ক্যাম্প থেকে বিদায় নেয়ার সময়টা স্মরণীয় করে রাখতে। কিন্তু 'বার্সা' তারকা খেলোয়াড়রা রাইকার্ডের সেই প্রত্যাশার বিন্দুমাত্র প্রতিদান দিতে পারেননি। থিয়েরি অঁরি ও স্যামুয়েল এ'তোর লক্ষ্যভেদে ২-০ গোলে এগিয়ে গিয়েও ম্যাচটা তারা হেরে গেছে ২-৩ গোলে। যার মধ্যে মায়োরকার জয়সূচক গোলটা এসেছে ইনজুরি সময়ে।
আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ১-৪ গোলে বিধ্বস্ত হওয়ার পর নিজেদের মাঠে এই লজ্জাজনক পরাজয় কিছুতেই মেনে নিতে পারেনি বার্সেলোনার সমর্থকরা। খেলোয়াড়দের উদ্দেশে দুয়োধ্বনি তো দিয়েছেই, ক্লাব প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তার অপসারণও দাবি করেছে তারা। সমর্থকদের এ ধরনের প্রতিক্রিয়ায় নিজের হতাশা কিছুতেই লুকিয়ে রাখতে পারেননি রাইকার্ড, "এটা ছিল ভীষণ দুঃখজনক এক রাত। এ ধরনের প্রতিক্রিয়ার আশঙ্কা আমরা করেছিলাম ঠিকই কিন্তু কোচ হিসাবে এ ধরনের পরিবেশে খেলতে হয়েছে বলে আমি খুব হতাশ।"
স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় গত চার ম্যাচে তৃতীয় পরাজয়ও কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি, "মৌসুমের শেষটা যে এমন কঠিন হবে তা আমি ভাবতেই পারিনি। (আমাদের জন্য) কোনো কিছুই সহজ ছিল না আর দলের গতিপথেও কোনো পরিবর্তন আনতে পারিনি আমরা। আসলে এ ধরনের পরিস্থিতিতে খেলাটাই খুব কঠিন।"
একটা ব্যাপারে অবশ্য নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন রাইকার্ড। সমর্থকরা খেলোয়াড় ও ক্লাব প্রেসিডেন্টের উদ্দেশে দুয়ো দিলেও ন্যু ক্যাম্পে তার শেষ ম্যাচে সাদর অভ্যর্থনাই জানিয়েছে 'বার্সা'র বিদায়ী কোচকে। বার্সেলোনার স্পোটিং ডিরেক্টর জিকি বেগিরিস্তেইনও জানালেন সে কথাই, "এই ম্যাচ দেখতে যারা এসেছিল তারা এক জন ভালো ও সফল কোচকে শ্রদ্ধাঞ্জলিই জানিয়েছে। তার ব্যবহার এবং ক্লাবের প্রতি তার সম্মান প্রদর্শনকেও শ্রদ্ধা জানিয়েছে তারা।"
সেটা অবশ্য রাইকার্ডের প্রাপ্য। টানা দু মৌসুম ব্যর্থ হলেও আগের দুই মৌসুমে তার অধীনেই স্প্যানিশ লিগের শিরোপা জিতেছিল বার্সেলোনা। দু বছর আগে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার মাধ্যমে 'ডাবল' জয়ও নিশ্চিত করেছিল তারা। দুঃখ শুধু একটাই, সেই বার্সেলোনা থেকে শূন্য হাতে, দুঃখভারাক্রান্ত হৃদয়েই বিদায় নিতে হচ্ছে আক্রমণাত্মক ফুটবল-দর্শনে বিশ্বাসী, 'বার্সা'র অনেক সাফল্যের নেপথ্য রূপকার ফ্র্যাঙ্ক রাইকার্ডকে!
চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়ে যাওয়ায় স্প্যানিশ লিগ নিয়ে আর সেরকম কোনো আগ্রহ নেই। তবু রোববার রাতে দারুণ কিছু ম্যাচ হয়েছে। তার একটিতে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে রুখে দিয়েছে রিয়াল জারাগোজা। ২-২ গোলে ম্যাচটি যে ড্র হয়েছে তাতে রিয়ালের হতাশ হওয়ার চেয়ে খুশিই হওয়ার কথা, কারণ খেলার ধারা অনুযায়ী জারাগোজার বড় ব্যবধানেই জেতার কথা। ড্র করার ফলে জারাগোজাকে এখন শেষ রাউন্ড খেলতে হবে রেলিগেশনের খড়গ মাথায় নিয়ে। তারা এখন ২০ দলের মধ্যে ১৮তম; স্প্যানিশ লিগে শেষ ৩টি দল নেমে যায় প্রিমিয়ার লিগ থেকে।
মাদ্রিদের আরেক দল অ্যাটলেটিকো মাদ্রিদ দেপোর্তিভোকে ১-০ গোলে হারিয়ে নিশ্চিত করেছে চতুর্থ স্থান, যা তাদের এনে দিয়েছে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার টিকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০২০ঘ.
bdnews24