লন্ডন, ২৬ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- "আজ আপনারা দেখলেন ম্যানচেস্টার ইউনাইটেডের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এই প্রিমিয়ারশিপ জিততে আমরা কতটা উদগ্রীব। আমরা সবাইকে দেখিয়ে দিয়েছি যে আমরা যে কারো সঙ্গে লড়াই করতে পারি"--- ম্যাচশেষে জন টেরির উচ্ছ্বসিত প্রতিক্রিয়া। চেলসি অধিনায়কের উচ্ছ্বাসটা বাঁধভাঙ্গা হওয়ারই কথা। তার দল যে ম্যানইউকে ২-১ গোলে হারিয়ে এখন ইংলিশ প্রিমিয়ার লিগে যৌথভাবে শীর্ষে। ৩৬টি করে ম্যাচ খেলে চেলসি ও ম্যানইউ দু দলেরই সংগ্রহ ৮১ পয়েন্ট। ম্যানইউ অবশ্য গোলগড়ে এগিয়ে আছে।
চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে স্বাগতিকদের জয়ের নায়ক মাইকেল বালাক। দু অর্ধে দুটো গোল করে এই জার্মান ফরোয়ার্ডই 'ব্লুজ'কে এনে দিয়েছেন মধুর এক জয়। প্রথমার্ধের ইনজুরি সময়ে দিদিয়ের দ্রগবার ক্রস থেকে 'অরক্ষিত' বালাকের হেড খুঁজে পায় ম্যানইউ'র জাল। চেলসি অবশ্য লিডটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ৫৬ মিনিটে তাদের পর্তুগিজ ডিফেন্ডার রিকার্ডোর কার্ভালহোর ভুল ব্যাকপাস ধরে 'রেড ডেভিল'দের সমতায় ফেরান ওয়েইন রুনি। কিন্তু ৮৬ মিনিটে আরেকটি ভুল গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য। মাইকেল এসিয়েনের ক্রস বক্সের মধ্যে থাকা মাইকেল ক্যারিকের হাতে লাগলে বেজে ওঠে পেনাল্টির বাঁশি। তা থেকেই লক্ষ্যভেদ করে দলকে মূল্যবান ৩টি পয়েন্ট এনে দিয়েছেন বালাক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১০৮ঘ.
bdnews24