২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন নিয়ে এখন সুলতানেরও কোনো আশংকা নেই

বাফুফে নির্বাচন নিয়ে ছড়িয়ে দেওয়া আশংকা নিজেই দূর করে দিয়ে ইতিবাচক হয়েছেন এস এ সুলতান। বাফুফে সভাপতির ধারনা, ফিফা-এএফসি থেকে নির্বাচন পেছাতে কোনো নির্দেশনা আসবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2008, 03:16 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বাফুফে নির্বাচন নিয়ে ছড়িয়ে দেওয়া আশংকা নিজেই দূর করে দিয়ে ইতিবাচক হয়েছেন এস এ সুলতান। বাফুফে সভাপতির ধারনা, ফিফা-এএফসি থেকে নির্বাচন পেছাতে কোনো নির্দেশনা আসবে না। মানে ২৮ এপ্রিল বাফুফে নির্বাচন হচ্ছেই। তবে গত কয়েকদিনের ঘটনাপঞ্জি এবং বাফুফে সভাপতির রহস্যময় ভূমিকায় সংশয় তৈরি হয়েছিল নির্বাচন ঘিরে। বাফুফে সভাপতি প্রার্থী কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ বেশ আলোচনার খোরাক জুগিয়েছিল। ব্যারিস্টারি-মহড়ার পর নির্বাচন কমিশন তাকে এবং তার প্যানেলের অন্য দুই সাবেক তারকা ফুটবলারকে অভিযোগ থেকে অব্যাহতি দিলেও প্রক্রিয়াটা ছিল প্রশ্নবিদ্ধ। প্রতিবাদে সোচ্চার হয়ে প্রতিপক্ষ সভাপতি প্রার্থী মেজর জেনারেল (অব.) আমিন আহমেদ চৌধুরী নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছেন। এর ফায়দা লুটতে এ অনাকাঙ্খিত ঘটনা এএফসির কানে তুলে দিয়েছেন তৃতীয় একটি পক্ষ। আর বাফুফে সভাপতিও বাফুফে নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে পত্রিকায় বিবৃতি দিয়েছিলেন, পেছানোর সম্ভাবনার কথা বলেছিলেন। কিন্তু শুক্রবার সেই সম্ভাবনাকে মাটিচাপা দিয়ে বাফুফে সভাপতি এস এ সুলতান বলেছেন, "এখন আর নির্বাচন পেছানোর কোনো কারণ দেখছি না। পেছালে ৭/৮ দিন আগেই এএফসি একটা গাইড লাইন দিতো। তারা যখন নির্বাচনী পর্যবেক্ষক পাঠিয়ে দিচ্ছে তখন নির্বাচন হবেই।" তাহলে আপনি আশংকা করেছিলেন কেন ? "নির্বাচনে ভোট কিনতে টাকা-পয়সার লেনদেন হচ্ছে, এ রিপোর্ট এএফসির দপ্তরে চলে গেছে বলে"--- বলেছেন বাফুফে সভাপতি। সভাপতি যখন বলছেন তখন আর নির্বাচন নিয়ে আশংকা থাকার কথা নয়। কারণ ফিফা-এএফসির সুহৃদ হিসেবে এস এ সুলতানের বেশ সুনাম আছে। তাই বাফুফের বর্তমান কমিটির লোকজনের ভোটাধিকার খর্ব করার পেছনেও তিনি কলকাঠি নেড়েছেন বলে অনেকের ধারনা। কিন্তু নির্বাচন-বিমুখ সভাপতি তা অস্বীকার করেছেন। তবে নিজের খর্ব হয়ে যাওয়া ভোটাধিকার নিয়েও তার তেমন কষ্ট নেই। সদ্য এএফসি থেকে এসেছে এই রহস্যময় নির্দেশনা। বাফুফের বর্তমান কমিটির ১২ জন নির্বাচনে অংশ নিলেও নিজেরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। এছাড়া কমিটির সভাপতি সুলতান ও যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল নির্বাচনে অংশ না নিলেও তারা ভোটাধিকার হারিয়েছেন। আরামবাগের এস এ সুলতানের ভোটাধিকার পেয়েছেন মোবিনুল ইসলাম, ব্রাদার্সের আনোয়ার হোসেন উজ্জ্বলের ভোট দেবেন নিয়াজ মোহাম্মদ খান। নির্বাচনে অংশ নেওয়া বাংলাদেশ বয়েজের মোজাম্মেল হক মুক্তার পক্ষে আহসান আহমেদ অমিত, প্রান্তিক ক্রীড়াচক্রের মনির আহমেদের পক্ষে মিজান, দি মুসলিম ইনস্টিটিউটের আজফার-উজ-জামান সোহরাবের পক্ষে হাবিবুর রহমান, বরিশাল বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের আসাদুজ্জামান খসরুর পক্ষে আমিনুল ইসলাম সুরুজ, ঢাকা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আব্দুর রহিমের পক্ষে কাজী গোলাম কুদ্দুস নবী, টাঙ্গাইল জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের গোলাম রসুল মোল্লার পক্ষে ফারুক, চাঁদপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের দেওয়ান আরশাদ আলীর পক্ষে এ কে এম শফিক উল্লাহ সরকার, বরিশাল জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের গোলাম রব্বানী হেলালের পক্ষে মাহবুবুল আলম খান, মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের মকবুল হোসেনের পক্ষে তৈয়বুর রহমান ভোট দেবেন। শুক্রবার সন্ধ্যা ৭ টা পর্যন্ত এই ১১ জন বিকল্প ভোটারের নাম পাওয়া গেছে বাফুফে থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১০৫ঘ.