ঢাকা, ২৪ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে দেশের খেলাধুলার উন্নয়নে এগিয়ে আসার আহবান জানিয়েছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান ও সেনাপ্রধান জেনারেল মঈন উ আহমেদ। তাতে সাড়া দিয়ে বাংলাদেশের টেবিল টেনিসের প্রতি ঝুঁকেছে এবি ব্যাংক। তারা জুনে অনুষ্ঠেয় ২৯-তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপই শুধু স্পনসর করছে না। টেবিল টেনিস খেলোয়াড়দের মানোন্নয়নে বছরে দুবার বিদেশী কোচ এনে প্রশিক্ষণ ক্যাম্পও হবে তাদের অর্থেই।
বৃহষ্পতিবার বিকেলে হোটেল সোনারগাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য এবি ব্যাংক দিচ্ছে ৭ লাখ ৯ হাজার টাকা। আর প্রশিক্ষণ খাতে দেবে ১৫ লাখ ৩৩ হাজার টাকা। সবমিলিয়ে প্রায় সাড়ে ২২ লাখ টাকার মতো। প্রশিক্ষণ কর্মসূচী সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে গিয়ে টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক এটিএম শামসুল আলম বলেন, "বছরে দুইবার আমরা প্রশিক্ষণের আয়োজন করবো। মানে প্রতি ছয় মাসে একবার। আর প্রতিটা ক্যাম্প হবে এক মাসের। পুরুষ-মহিলা এবং বালক-বালিকাদের জন্য প্রতি বিভাগেই বিদেশী কোচ এনে চলবে এই কর্মসূচী।"
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর কাইজার এ চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিয়াজ হাবিব এবং টেবিল টেনিস ফেডারেশনের প্রেসিডেন্ট আবু সোলায়মান চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১১৫ঘ.
bdnews24