২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝুঁকি এড়াতে পদত্যাগ পত্র জমা দিয়েছেন বাফুফের ১৩ জন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ক্ষয়িষ্ণু ১৮ জনের কমিটির ১৩ জন পদত্যাগ পত্র জমা দিয়েছেন বাফুফে সভাপতি এস এ সুলতানের কাছে। তবে সভাপতি অপেক্ষা করছেন ফিফা-এএফসির অনুমতির জন্য। ওখান থেকে ইতিবাচক সিদ্ধান্ত এলে পরেই পদত্যাগ পত্র গৃহীত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2008, 05:23 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ক্ষয়িষ্ণু ১৮ জনের কমিটির ১৩ জন পদত্যাগ পত্র জমা দিয়েছেন বাফুফে সভাপতি এস এ সুলতানের কাছে। তবে সভাপতি অপেক্ষা করছেন ফিফা-এএফসির অনুমতির জন্য। ওখান থেকে ইতিবাচক সিদ্ধান্ত এলে পরেই পদত্যাগ পত্র গৃহীত হবে। বাফুফের সাবেক সাধারণ সম্পাদক অনোয়ারুল হক হেলালের পদত্যাগের পর ফিফা নিষেধাজ্ঞার ভয় ধরিয়ে দিয়েছিল। কমিটি থেকে আর কেউ পদত্যাগ করলে বাংলাদেশকে আন্তর্জাতিক ফুটবল থেকে সাসপেন্ড করা হবে বলে হুমকি দিয়েছিল ফিফা। সেই ভয়ে ১৩ জনের পদত্যাগপত্র গৃহীত হচ্ছে না আপাতত। শনিবার বাফুফের বিদায়ী সভায় কমিটির ১৮ জনের মধ্যে নির্বাচনমুখী ১৩ জন পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচন করবেন না বলে পদত্যাগ করছেন না বাফুফে সভাপতি এস এ সুলতান, কারাবন্দী সহ-সভাপতি দস্তগীর চৌধুরী, কোষাধ্যক্ষ শাহ আলম চৌধুরী, দুই সদস্য ছাইদ হাছান কানন ও শফিকুল ইসলাম। সভাপতি ছাড়া বাকি চারজন অবশ্য কাউন্সিলরই হতে পারেননি এবার। মজার ব্যাপার হচ্ছে নির্বাচনমুখী ওই ১৩ জনের এতদিন মনোভাব ছিল পদত্যাগ না করার দিকেই। মানে কমিটিতে থাকবো, আবার আগামী কমিটিতে আসার জন্যও নির্বাচন করবো ! কিন্তু গঠনতন্ত্রের একটি ধারা নাকি সবাই চমকে দিয়েছে। ওই সভা থেকে বেরিয়ে আনোয়ার হোসেন উজ্জ্বল বলেছেন, "পদত্যাগ না করে উপায় নেই। গঠনতন্ত্রে একটি ধারায় বলা হয়েছে কমিটিতে থাকলে ভোটাধিকার থাকবে না। আমি নির্বাচন না করলেও তো ভোটাধিকার নষ্ট করতে পারি না। সেজন্য সবাই পদত্যাগ করেছে।" গত বৃহস্পতিবার পদত্যাগের বিষয়টি প্রথম আলোচনায় আসে বাফুফের বাইরে থাকা নির্বাচনমুখী সংগঠকদের দাবির মুখে। প্রশ্ন ওঠে, বাফুফের কমিটির পদ দখলে রেখে বাফুফের নির্বাচনে অংশ নেওয়া যাবে কিনা। গঠনতন্ত্র ঘেঁটে দেখা গেল, এ নিয়ে স্পষ্ট করে কিছু লেখা নেই। কিন্তু শনিবার বাফুফে সভায় আবিস্কৃত হয়েছে ভোটাধিকার হারানোর বিষয়টি। যে কারণে ওই ১৩ জন আর কমিটিতে থাকার ঝুঁকি নিতে রাজি নন। তারা পদত্যাগপত্র দিয়ে রেখেছেন বাফুফে সভাপতির কাছে। আর সভাপতি অপেক্ষায় আছেন ফিফা নির্দেশের। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু বলেছেন, "আমরা ফিফা-এএফসির কাছে ই-মেল পাঠিয়েছি নির্দেশনা চেয়ে।" এদিকে নির্বাচনী কার্যক্রমের একটি ধাপ শেষ হয়েছে ৭৪টি মনোনয়নপত্র বিক্রির মাধ্যমে। রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার দিনে স্পষ্ট হয়ে যাবে দুটো প্যানেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২৩১৫ঘ.