মাদ্রিদ, ১৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টানা তিন ম্যাচ হেরে, নিজেদের মাঠে সবচেয়ে বাজে পারফরম্যান্সের (৯ ম্যাচ হারার) রেকর্ড ছুঁয়ে প্রিমেরা লিগা থেকে নেমে যাওয়ার শঙ্কার মুখে তারা। সেই লজ্জার পাশে বুধবার একটা শিরোপা জয়ের আনন্দও যোগ করেছে ভ্যালেন্সিয়া। গেটাফেকে ১-৩ গোলে হারিয়ে কিংস কাপ জিতে নিয়েছে রোলান্ড কোম্যানের দল।
স্প্যানিশ প্রিমেরা লিগায় ভ্যালেন্সিয়ার জঘন্য পারফরম্যান্সের জন্য হল্যান্ডের সাবেক ফুটবলার কোম্যানকে কোচের পদ থেকে সরানোর দাবি জোরেশোরেই উঠছে কয়েকদিন ধরে। সমর্থকরা তার ওপর খুবই ক্ষিপ্ত। তবে বুধবার ভিসেন্তে কালদেরনে অনুষ্ঠিত ফাইনালে গেটাফেকে হারিয়ে তার দল সপ্তমবারের মতো কিংস কাপ জেতার পর সমর্থকদের ক্ষোভের মাত্রা খানিকটা কমার কথা।
ভ্যালেন্সিয়ার জয় এক রকম নিশ্চিত হয়ে যায় ১২ মিনিটের মধ্যে মিডফিল্ডার হুয়ান মাতা আর সেন্টার ব্যাক অ্যালেক্সিসের করা গোলে। তবে গেটাফে কিংস কাপ ফাইনালে টানা দ্বিতীয় হার এড়াতে ম্যাচে ফিরেছিল এস্তেবান গ্রানেরোর গোলে ব্যবধান কমিয়ে। কিন্তু ৮৩ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা ফার্নান্দো মরিয়েন্তেসের হেড জাল খুঁজে পাওয়ায় ৩-১-এই জিতে যায় ভ্যালেন্সিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৫১৭ ঘ.
bdnews24