২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেপোর্তিভোর কাছে এবারও হারল রিয়াল, আর্সেনালের ড্র

রিয়াজোরের 'কুফা' এবারো কাটলো না রিয়াল মাদ্রিদের! সেই ১৯৯১এর নভেম্বরের পর দেপোর্তিভো লা করুনার মাঠ রিয়াজোরে কখনো জয় পায়নি ফিফার দৃষ্টিতে গত শতাব্দীর সেরা ক্লাবটি। শনিবার রাতেও লা করুনা সফরে স্প্যানিশ চ্যাম্পিয়নরা ব্যর্থ। রিয়ালকে একমাত্র গোলে হারিয়ে স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় আবার উত্তেজনা ফিরিয়ে আনার পুরো কৃতিত্ব পয়েন্ট টেবিলের মাঝামাঝি জায়গায় থাকা দেপোর্তিভোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2008, 04:22 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

মাদ্রিদ/লন্ডন/রোম, ১৬ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রিয়াজোরের 'কুফা' এবারো কাটলো না রিয়াল মাদ্রিদের! সেই ১৯৯১এর নভেম্বরের পর দেপোর্তিভো লা করুনার মাঠ রিয়াজোরে কখনো জয় পায়নি ফিফার দৃষ্টিতে গত শতাব্দীর সেরা ক্লাবটি। শনিবার রাতেও লা করুনা সফরে স্প্যানিশ চ্যাম্পিয়নরা ব্যর্থ। রিয়ালকে একমাত্র গোলে হারিয়ে স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় আবার উত্তেজনা ফিরিয়ে আনার পুরো কৃতিত্ব পয়েন্ট টেবিলের মাঝামাঝি জায়গায় থাকা দেপোর্তিভোর। রিয়াল হেরে গেলেও ম্যানচেস্টার ইউনাইটেডের জয় পেতে ভুল হয়নি। দারুণ ফর্মে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর লক্ষ্যভেদে ম্যানইউ শুধু ডার্বি কাউন্টিকেই ১-০ গোলেই হারায়নি, ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থানও দখল করেছে। 'রেড ডেভিল'দের শীর্ষে যাওয়ার সুযোগ করে দিয়েছে আর্সেনালের আরেকটি ব্যর্থতা। শনিবার মিডলসবরোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। 'গানার'দের এটা টানা চতুর্থ ড্র। সেই সুবাদে তাদেরকে গোল ব্যবধানে পেছনে ফেলে ম্যানইউ এখন প্রিমিয়ার লিগের সবার ওপরে। ২৯ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৬৭ পয়েন্ট। আর্সেনালের পয়েন্ট সমান হলেও একটি ম্যাচ বেশি খেলেছে তারা। আর গোল ব্যবধানে তো পিছিয়ে আছেই। অধিনায়ক জন টেরির গোলে সান্ডারল্যান্ডকে ১-০ ব্যবধানে হারানো চেলসি ২৯ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। রেডিংয়ের বিপক্ষে ২-১ গোলের জয় পাওয়া লিভারপুলের (৩০ ম্যাচে ৫৯ পয়েন্ট) অবস্থান চতুর্থ। ইতালিয়ান সিরি 'এ'তেও এখন দারুণ নাটকীয়তা। শনিবার এসি মিলানকে ২-১ গোলে হারিয়ে শীর্ষে থাকা ইন্টার মিলানের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে রোমা। ঘরের মাঠে ফিফা বর্ষসেরা ফুটবলার কাকার গোলে পিছিয়ে পড়েও রোমা দমে যায়নি। লুদোভিক জুলি ও মির্কো ভুসিনিচের লক্ষ্যভেদে জয় ছিনিয়ে নেয়ার পাশাপাশি বর্তমান চ্যাম্পিয়ন ইন্টারের ওপরে চাপও ধরে রেখেছে। ২৮ ম্যাচে রোমার পয়েন্ট ৬১। ইন্টারের ৬৪ পয়েন্ট হলেও এক ম্যাচ কম খেলেছে তারা। রোববার তাদের প্রতিপক্ষ পালেরমো। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা জুভেন্টাস (৫১ পয়েন্ট) ও ফিওরেন্টিনা (৪৭) খেলবে নাপোলি ও জেনোয়ার বিপক্ষে। ৪৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে এসি মিলান। রিয়াজোরে এলোমেলো এবং খাপছাড়া খেলারই মাশুল দিতে হলো রিয়াল মাদ্রিদকে। তাদের আক্রমণগুলোতে ছিল না কোনো পরিকল্পনার ছাপ। তারপরও হয়তো এক পয়েন্ট পেতে পারতো। কিন্তু সেই লক্ষ্যও পূরণ হয়নি পর্তুগিজ ডিফেন্ডার পেপের ভুলে। দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটের সময় দেপোর্তিভোর ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফিলিপের বাঁ দিক থেকে করা ক্রস বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালেই বল জড়িয়ে দেন পেপে। এই আত্মঘাতী গোলই জয় এনে দিয়েছে স্বাগতিকদের। যদিও রিয়ালের কোচ বার্নড শুস্টারের বিশ্বাস এই ম্যাচে ড্র করা উচিৎ ছিল তার দলের, "আমি মনে করি না আমরা ভালো খেলেছি। তবে আমার ধারণা গোলশূন্য ড্র-ই হতে পারতো সঠিক ফলাফল।" হেরে যাওয়ায় ২৮ ম্যাচে ৬২ পয়েন্টই রইলো রিয়ালের। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার পয়েন্ট ৫৪ হলেও এক ম্যাচ কম খেলেছে তারা। রোববার রাতে 'বার্সা'র প্রতিপক্ষ আলমেরিয়া। তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে ভিলারিয়াল (২৭ ম্যাচে ৫০) ও সেভিয়া (২৮ ম্যাচে ৪৫)। শনিবার ব্রাজিলিয়ান স্ট্রাইকার লুই ফ্যাবিয়ানোর দুই গোলে সেভিয়া ২-১ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। অন্যদিকে অ্যাথলেটিক বিলবাও-রিয়াল বেটিস ম্যাচটি শেষ হতে পারেনি অনাকাক্সিক্ষত এক ঘটনার কারণে। ম্যাচের ৭২ মিনিটের সময় গ্যালারি থেকে উড়ে আসা পানীয় ভর্তি একটি প্লাস্টিকের বোতল বিলবাওয়ের গোলকিপার আরমান্দোর মুখে আঘাত হানার পর আর খেলা হয়নি। সে সময় ২-১ গোলে এগিয়েছিল বিলবাও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯১৫ঘ.