২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলের যৌবন ফেরানোর মিশনে বাফুফে

দেশের ফুটবলকে যৌবনে ফেরানোর মিশনে নেমে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনূর্ধ্ব-১৮ বছর বয়সী ফুটবলারদের মধ্যে অনন্য প্রতিভা খুঁজছে। প্রথম উদ্যেগে তারা ৫২ জনকে চিহ্নিত করেছে, যাদের হাতে শনিবার সনদপত্র তুলে দিয়েছেন বাফুফে সভাপতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2008, 04:21 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- দেশের ফুটবলকে যৌবনে ফেরানোর মিশনে নেমে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনূর্ধ্ব-১৮ বছর বয়সী ফুটবলারদের মধ্যে অনন্য প্রতিভা খুঁজছে। প্রথম উদ্যেগে তারা ৫২ জনকে চিহ্নিত করেছে, যাদের হাতে শনিবার সনদপত্র তুলে দিয়েছেন বাফুফে সভাপতি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ড্রেসিং রুমের সামনে লবিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাফুফে কর্তারা ফুটবলকে যৌবনে ফেরানোর স্বপ্ন দেখেছেন। বাফুফে সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ স্বপ্নের ঘোষণা দিয়েছেন এভাবে, "গত চার মাস ধরে দীর্ঘ বাছাই প্রক্রিয়ার পর এখন ৫২ জন ফুটবলারকে পেয়েছি। এভাবে আগামী চার বছর আমরা প্রতিভা অন্বেষণ কর্মসূচী চালিয়ে নিতে পারলে আমাদের ফুটবলে অবশ্যই যৌবন ফিরে আসবে।" জেলা পর্যায় থেকে শুরু হয়েছিল এই প্রতিভা অন্বেষণ কর্মসূচী। ক্রমশ বাছাইয়ে খেলোয়াড় সংখ্যা নেমে আসে ৭৪ জনে। তাদের গত এক সপ্তাহ প্রশিক্ষণ ক্যাম্পে রাখার পর সংখ্যাটা নেমে আসে ৫২ জনে। তাদের মধ্যে আরেক দফা বাছাইয়ের পর ৩৫ জনকে নিয়ে দিনাজপুর বিকেএসপিতে হবে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প। সনদপত্র পাওয়া ভাগ্যবানদের উদ্দেশে বাফুফে সহ সভাপতি সালাম মুর্শেদী বলেছেন, " তোমরা অনেক ভাগ্যবান। কারণ বিগত ১৫ বছরে এ দেশের ছেলেপুলেরা এরকম সুযোগ পায়নি। এখন নিজেদের ভাগ্য গড়ার দায়িত্ব তোমাদের হাতে। একটা স্বপ্ন নিয়ে এগোতে থাকো, ফল পাবে।" সত্যি, গত এক দশকে উল্টোরথে চলা ফুটবলে এখন পরিবর্তনের হাওয়া লেগেছে। গত পাঁচ মাসে দৃশ্যমান অনেক পরিবর্তনের তালিকায় নতুন নতুন সংযোজন হচ্ছে। ফুটবলের এই 'পরিবর্তন' যানের চালক স্বপ্নবাজ কাজী সালাউদ্দিন। তার মাথা থেকেই নাকি এসেছে প্রতিভা অন্বেষণের মাধ্যমে ফুটবলার খোাঁজার পরিকল্পনা। এ ব্যাপারে বাফুফে সহ সভাপতি বাদল রায় বলেছেন, "এটা পুরোপুরি বাফুফে সভাপতির মাথা থেকেই বেরিয়েছে। দেশে খেলোয়াড় সংকটের কথা চিন্তা করে তিনি ফেডারেশনের দায়িত্ব নিয়েই এরকম কর্মসূচী হাতে নেওয়ার পরিকল্পনা করেছেন।" সভাপতি শনিবার অনূর্ধ্ব-১৮ বছর বয়সী ৫২ জন ফুটবলারের হাতে সনদপত্র তুলে দিয়ে বলেছেন, "তোমরা কেবলই নির্বাচিত হয়েছো। এখনো কিছু হয়নি, সামনে অনেক লম্বা রাস্তা। এরপর আমাদের আর কিছু করার নেই, শুধু সাহায্য করতে পারবো। লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিশ্রম করতে হবে তোমাদেরই।" স্বপ্নকে সার্থক করার জন্য সালাউদ্দিনের টিপস হচ্ছে, "পরিশ্রম, পরিশ্রম এবং পরিশ্রম। সাফল্যের জন্য এর চেয়ে সংক্ষিপ্ত পথ আর নেই।" তার কথা অনুযায়ী এই প্রতিভা অন্বেষণ কর্মসূচী চলতেই থাকবে। তিন-চার মাস পর পর শুরু হবে নতুন করে, "আপাতত এটাই আমাদের ফুটবলার তৈরির একটা প্রক্রিয়া, বলতে পারেন কারখানাও।" এই কারখানা বাংলাদেশের ফুটবলকে কী করে যৌবনে ফিরিয়ে নেয় সেটাই দেখাই বিষয়! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২১৩৭ঘ.