২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ ঘণ্টার মধ্যেই কথা বদলে দলে নেয়া হলো আলফাজকে

"নতুন করে স্ট্রাইকার নেওয়ার কোনো সুযোগ নেই''--- এই ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই আলফাজকে প্রাথমিক দলে রেখে মিয়ানমার গ্র্যান্ড রয়েল চ্যালেঞ্জ কাপের ২৩ জনের প্রাথমিক দল দল ঘোষিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2008, 03:02 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- "নতুন করে স্ট্রাইকার নেওয়ার কোনো সুযোগ নেই''--- এই ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই আলফাজকে প্রাথমিক দলে রেখে মিয়ানমার গ্র্যান্ড রয়েল চ্যালেঞ্জ কাপের ২৩ জনের প্রাথমিক দল দল ঘোষিত হয়েছে। মারদেকা কাপে গিয়েছিল ২০ জনের দল। তার সঙ্গে যোগ হয়েছেন তিন জন --- আতিকুর রহমান মিশু, জাহিদ পারভেজ চৌধুরী ও আলফাজ আহমেদ। প্রথম দুজনের অন্তর্ভূক্তি তর্কাতীত। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় আগেই ডিফেন্ডার ও মিডফিল্ডারের প্রয়োজনীয়তার কথা বলে রেখেছিলেন। তখন আলফাজ প্রশ্নে তার জোরালো সংযুক্তি ছিল, "নতুন করে স্ট্রাইকার নেওয়ার কোনো সুযোগ নেই। এবং যেসব কারণে মারদেকা দলে আলফাজকে রাখা হয়নি কারণগুলো এখনো বলবৎ আছে।" মঙ্গলবার রাতে এরকম মনোভাব জানিয়ে তিনি বুধবার রাতে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভায় পুরোপুরি ঘুরে গেলেন ! মজার ব্যাপার হচ্ছে, ২৪ ঘন্টার মধ্যে আলফাজ আহমেদ কোনো ম্যাচ খেলেননি যা ব্যবস্থাপনা কমিটিকে বিশেষভাবে আকর্ষণ করেছে। বুধবার বাদল রায় মুচকি হেসে হাস্যকর এক যুক্তি দিলেন, "মারদেকা কাপে বাদ পড়ায় আলফাজ নিজেকে শুধরে নিয়েছেন। তাই এই দলে রাখা হয়েছে।" এটা একেবারে খোঁড়া যুক্তি। আড়ালে রয়েছে অন্য কারণ। এবার মিয়ানমারে টুর্নামেন্ট চলাকালীন বি. লিগে শেখ রাসেলের খেলা নেই দেখে তাকে জাতীয় দলে রাখা হয়েছে। আগে দলের খেলা ছিল বলে মারদেকা কাপের জন্য আলফাজকে ছাড়েনি শেখ রাসেল ক্রীড়াচক্র। অথচ এই ক্লাবের সভাপতি নুরুল আলম চৌধুরী হলেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির কো-চেয়ারম্যান ! সত্যি ব্যাখ্যা দিলে নুরুল আলম অপরাধী হয়, তাই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন বাদল রায় ! এই ২৩ জনের প্রাথমিক দলকে প্র্যাকটিস করানোর তেমন সুযোগ পাবেন না শফিকুল ইসলাম মানিক। বৃহস্পতিবার থেকে শুরু বি. লিগে এদের খেলা দেখে আগামী ৪ নভেম্বর ১৮ জনের চূড়ান্ত দল ঘোষণা করবেন তিনি। তাই এখনো ঝুলে আছে ডান পায়ের উরুতে চোট পাওয়া হাসান আল মামুনের ভাগ্য। মোহামেডানের হয়ে মাঠে নিজেকে ইনজুরিমুক্ত প্রমাণ করতে পারলে হয়তো চূড়ান্ত দলে টিকে যাবেন। মিয়ানমারে আগামী ১১ নভেম্বর থেকে অনুষ্ঠেয় গ্র্যান্ড রয়েল চ্যালেঞ্জ কাপে 'এ' গ্র"পে বাংলাদেশ খেলবে স্বাগতিক দল ও ইন্দোনেশিয়ার সঙ্গে। ম্যাচ দুটো ১১ ও ১৩ তারিখ। গ্র"প পর্ব উতরাতে না পারলে তিন দিনেই শেষ হয়ে যাবে বাংলাদেশের মিয়ানমার সফর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৫৫ঘ.