ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- চট্টগ্রামে গিয়ে ভাল খেলেও খুলনা আবাহনী পেরে ওঠেনি স্বাগতিকদের সঙ্গে। শেষ মুহূর্তের গোলে চট্টগ্রাম মোহামেডান ২-১ গোলে হারিয়েছে তাদের। এই জয়ে তাদের সংগ্রহ ৬ ম্যাচে ৯ পয়েন্ট।
শুক্রবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলে খুলনা আবাহনী। তার ফল পায় ২৫ মিনিটে রিপনের গোলে। মাঝমাঠ থেকে জুয়েলের বানিয়ে দেওয়া বলে রিপন জোরালো শটে চট্টগ্রাম মোহামেডান গোলরক্ষক মামুনকে পরাস্ত করেছেন। মিনিট দুয়েক পরে তিনিই ব্যবধান দ্বিগুন করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু সেটা নষ্ট করেন বারের উপর দিয়ে হেড করে। প্রথমার্ধের শেষেরদিকে অবশ্য ভাগ্যক্রমে বেঁচে যায় স্বাগতিকরা। আবাহনীর হামিদের ক্রস মোহামেডানের ধীমান ক্লিয়ার করতে ব্যর্থ হলেও বলটা গোলরক্ষক মামুনের গায়ে লেগে বাইরে চলে যায়।
খুলনা আবাহনী দ্বিতীয় গোল না পাওয়ায় ম্যাচে ফেরা সহজ হয়ে যায় চট্টগ্রাম মোহামেডানের। প্রথমার্ধের শেষ মিনিটে রিদনের বাড়নো বলটি তৌহিদ আবাহনীর আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জমা করে দেন। তারপর জয়সূচক গোলের জন্য চট্টগ্রাম মোহামেডানকে অপেক্ষা করতে হয়েছে ৮৯ মিনিট পর্যন্ত। মাঝে বলার মতো আক্রমণ হচ্ছে পাভেল ও তৌহিদের, দুজনই ডি বক্সের ভেতর থেকে দুটো লক্ষ্যভ্রষ্ট শট নিয়েছেন।
তাদের এই এলোমেলো অবস্থা কেটে যায় চামরিন রাখাইন মাঠে নামার পর। ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিট আগে বদলি হয়ে নেমে তিনি মোহামেডানের আক্রমণে খানিকটা গতি সঞ্চার করেন। জয়সূচক গোলের উৎসও চামরিন, তার ক্রসে রাফায়েলের শট আবাহনী গোলরক্ষকের গায়ে লেগে ফিরে এলে ফিরতি বলে টোকা মেরে গোলের আনুষ্ঠানিকতা সারেন আকবর হোসেন রিদন। আর এই গোল খারাপ পারফরম্যান্সের পরও পুরো ৩ পয়েন্ট উপহার দিয়েছে স্বাগতিকদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১২৫ঘ.
bdnews24