ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- হকি ফেডারেশনের নির্বাচন ও নির্বাচনী ফলাফল বাতিল করতে উকিল নোটিশ পাঠিয়েছেন সুলতান উদ্দিন আহমেদ। আগামী ২৩ অক্টোবরের (বৃহস্পতিবার) মধ্যে নোটিশ অনুযায়ী কার্যকর ব্যবস্থা না নিলে তিনি আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন।
উত্তরা হকি ক্লাবের কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদের পক্ষে তার এডভোকেট নাসরিন ফেরদৌস গত ২০ আক্টোবর এই উকিল নোটিশ পাঠিয়েছেন সাতজনের কাছে। এই সাতজন হলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ সচিব, নির্বাচন কমিশনার, ঢাকা বিভাগ ও রিটার্নিং অফিসের সহকরী পরিচালক এবং হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক শামসুল বারী।
পাঠানো নোটিশে মূল আপত্তির জায়াগাটা হচ্ছে ফেডারেশনের গঠনতন্ত্র সংশোধন নিয়ে। কোনো নিয়ম-নীতি না মেনে সাধারণ সভা ছাড়া গঠনতন্ত্রে সংশোধনী আনা হয়েছে বলে দাবি করা হয়েছে নোটিশে। তাতে বলা হয়েছে সংশোধনীর বিষয়গুলো আগে কাউন্সিলরদের কাছে পাঠানো নিয়ম হলেও তা মানা হয়নি। এসব আপত্তির কথা তুলে ধরে গত ২৮ আগস্টের হকি ফেডারেশনের নির্বাচন ও নির্বাচিত কমিটি বৃহস্পতিবারের মধ্যে বাতিলের দাবি জানানো হয়েছে নোটিশে। নইলে আদলতের শরনাপন্ন হওয়ার হুমকি দিয়েছেন সুলতান উদ্দিন আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২১০ঘ.
bdnews24