ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- আত্মবিশ্বাস হারানো বাংলাদেশ দল অবশেষে আত্মবিশ্বাস সঞ্চয় করেছে হারা ম্যাচ থেকে! এই আত্মবিশ্বাস ভাল খেলার, যা নিয়ে মারদেকা কাপে শনিবার তারা দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মিয়ানমারের। কুয়ালালামপুরে শাহ আলম স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে সাতটায় শুরু হবে 'বি' গ্র"পের এই ম্যাচ।
একেবারে আত্মবিশ্বাসহীন দল হয়েই বাংলাদেশ মারদেকা কাপ খেলতে গেছে। কুয়ালালামপুর রওনা হওয়ার ঠিক আগে দেশের মাটিতে এক প্র্যাকটিস ম্যাচে তারা ২-০ গোলে হেরে যায়। বি. লিগ একাদশ নামের ওই দলটির বিপক্ষে গোল কিংবা ভাল খেলা কিছুই করে দেখাতে পারেনি। এবং সেই ম্যাচই কেড়ে নেয় তাদের আত্মবিশ্বাস। এর ধারাবাহিকতায় মারদেকা কাপে নিজেদের প্রথম ম্যাচেও তারা ১-০ গোলে হেরেছে। কিন্তু মোজাম্বিক অনূর্ধ্ব-২০ দলের কাছে এই হার থেকেও নাকি প্রাপ্তি আছে বাংলাদেশ দলের। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় কুয়ালালামপুর থেকে যেভাবে বলেছেন, "আমরা মোজাম্বিকের সঙ্গে বাংলাদেশের খেলা দেখে সন্তুষ্ট। সত্যি বললে তারা ভাবেনি ওই সময় গোল খেয়ে বসবে। এই ম্যাচের পারফরম্যান্স ধরে রাখতে পারলে মিয়ানমারের সঙ্গে আমরা ভাল করবো।" ভাল বলতে তিনি জয়ের প্রত্যাশা করছেন, "আমরা জেতার জন্যই খেলবো।"
বাংলাদেশ দল এই প্রথম জেতার অঙ্গীকার করছে! যাওয়ার আগেও তারা এরকম প্রত্যয় দেখাতে পারেনি, নিশ্চয়ই প্রথম ম্যাচে ভাল খেলা তাদের অনুপ্রাণিত করছে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে পরিসংখ্যান। মারদেকা কাপে এখনো পর্যন্ত মিয়ানমারকে হারানোর কোনো রেকর্ড নেই বাংলাদেশের। দুবার মুখোমুখি হয়ে দুবারই হেরেছে বড় ব্যবধানে, '৭৩ সালে ৬-০ গোলে এবং '৭৫ সালে ৭-১ গোলে। এছাড়া পরাজয়ের রেকর্ডে আছে আরো একটি ম্যাচ, '৯৫ সালে ইয়াঙ্গুনে চারজাতি কাপের গ্র"প ম্যাচে ৪-০ গোলে হেরেছে বাংলাদেশ। এর প্রতিশোধ নিয়েছিল বাংলাদেশ ওই টুর্নামেন্টের ফাইনালে ২-১ গোলে মিয়ানমারকে হারিয়ে। তার আগেই '৯৩ সালে ঢাকায় এক প্রীতিম্যাচে ৩-১ গোলে হারিয়ে মিয়ানমারের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ। তাহলে দ'ুদুলের পাঁচবারের লড়াইয়ে বাংলাদেশ জেতে দুটি এবং মিয়ানমার তিনটি।
পরিসংখ্যান মিয়ানমারকে এগিয়ে রাখছে। কিন্তু সুবিধার দিক হচ্ছে, পরিসংখ্যানের চাপ নেই বাংলাদেশ দলের ওপর। কারণ খেলোয়াড়রা এসব নিয়ে মোটেও মাথা ঘামায় না। তাদের ব্যস্ততা তরতাজা খবর নিয়েই। যেমন শুক্রবার ভিয়েতনাম অলিম্পিক দলের কাছে মিয়ানমারের ৩-১ গোলের হার স্বাভাবিকভাবেই উৎসাহিত করবে বাংলাদেশের খেলোয়াড়দের। বাদল রায় এটাকে সুযোগ হিসেবে দেখছেন, "মিয়ানমার দলের মানসিক অবস্থা অতো ভাল হবে না। এই সুযোগটা নিতে হবে আমাদের। আমার বিশ্বাস আরো কিছুদিন প্র্যাকটিস হলে আমরা এই টুর্নামেন্টে ভাল করতাম।" মাত্র ৭ দিনের প্র্যাকটিস ক্যাম্পের পুঁজি নিয়েই মারদেকা কাপে গেছে শফিকুল ইসলাম মানিকের দল। তাই অপ্রত্যাশিত প্রাপ্তি ছাড়া সরাসরি কোনো প্রত্যাশা করা যায় না।
এখন বাদল রায় অবশ্য মিয়ানমারকে হারানোর স্বপ্ন দেখছেন। স্বপ্নের সারথী প্রথম ম্যাচের একাদশ। তাদের ঘাড়েই চেপেছে মারদেকায় নতুন করে বাংলাদেশের ইতিহাস লেখার কাজ।
সম্ভাব্য একাদশ: আমিনুল, আরিফ, হাসান আল মামুন, রজনী, সুজন, ওয়ালী ফয়াসাল, আরমান আজিজ, শরীফ, মাতিউর মুন্না, রবিন ও এমিলি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১১০ঘ.
bdnews24