২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করলেন আলফিও বাসিলে

ইদানিং সময়টা মোটেও ভালো যাচ্ছিল না আলফিও বাসিলের। টানা ছয় ম্যাচ ড্র করা আর্জেন্টিনা গত শনিবার বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়েকে হারালেও বুধবার হেরে গেছে চিলির কাছে। এই ব্যর্থতা আর সহ্য করতে পারেননি বাসিলে। বৃহস্পতিবার আর্জেন্টিনা দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2008, 08:13 AM

Updated : 26 Aug 2022, 02:31 PM

বুয়েনস এইরেস, ১৭ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইদানিং সময়টা মোটেও ভালো যাচ্ছিল না আলফিও বাসিলের। টানা ছয় ম্যাচ ড্র করা আর্জেন্টিনা গত শনিবার বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়েকে হারালেও বুধবার হেরে গেছে চিলির কাছে। এই ব্যর্থতা আর সহ্য করতে পারেননি বাসিলে। বৃহস্পতিবার আর্জেন্টিনা দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) অবশ্য বাসিলের সিদ্ধান্ত পরিবর্তনের অনেক চেষ্টা করেছিল। কিন্তু সেই কাজে তারা সফল হয়নি। এএফএ'র মুখপাত্র এরনেস্তো চেরকিস সে কথাই জানিয়েছেন সাংবাদিকদের, "এএফএ প্রেসিডেন্ট হুলিও গ্রন্ডোনার সঙ্গে কথা বলে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন বাসিলে। জাতীয় দলের কমিটি তাকে বুঝিয়ে-শুনিয়ে সিদ্ধান্তটা পরিবর্তনের অনেক চেষ্টা করেছে। কিন্তু বাসিলে তার সিদ্ধান্তে অটল, অনড়। মনস্থির করে ফেলা একজন মানুষ, বিশেষ করে বাসিলের আত্মসম্মানের কথা বিবেচনা করে বলা যায় এ ব্যাপারে বিরুদ্ধ-স্রোতেই যেন সাঁতার কাটতে হয়েছে আমাদের। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। তিনি ভীষণ মর্মাহত, দুঃখিত।" ২০০৬এর জুলাইয়ে দায়িত্ব নেয়ার পর বাসিলের অধীনে ২৮টা ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এর অর্ধেক অর্থাৎ ১৪টিতে জয় পেয়েছে তারা। বাকি ১৪ ম্যাচের ৮টিতে ড্র করেছে আর হেরেছে ৬টি। গত বছর কোপা আমেরিকায় বাসিলের কোচিংয়েই দুর্দান্ত খেলে টানা ৫ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। কিন্তু ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে ০-৩ গোলে হেরে যাওয়ায় ১৪ বছর পর কোপা আমেরিকার শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি তাদের। অথচ বাসিলের কোচিংয়েই ১৯৯১ ও '৯৩তে কোপার শিরোপা জিতেছিল তারা। '৯৪ বিশ্বকাপেও আর্জেন্টিনার কোচ ছিলেন তিনি। সেবার দ্বিতীয় রাউন্ডে রুমানিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৪০৬ঘ.