ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- ম্যাচের শুরুরদিকে পাওয়া গোল ধরে রেখেই শেখ রাসেল ১-০ গোলে হারিয়েছে আরামবাগকে। আমিনুলের এই মূল্যবান গোলে জয় পেয়ে তারা ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে এখন বি. লিগের পয়েন্ট তালিকার শীর্ষে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুরদিকে গোল পেয়ে যায় শেখ রাসেল ক্রীড়াচক্র। ১৫ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে আমিনুল বল জড়িয়ে দিয়েছেন আরামবাগের জালে। ডানদিক থেকে মোবারকের পাঠানো চমৎকার মাইনাসের ফসল এই গোল।
এরপর আরো বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও শেখ রাসেল আর গোলের দেখা পায়নি গোল পায়নি ফরোয়ার্ডদের ব্যর্থতায়। ৩৭ মিনিটে আলফাজ মিস করেছেন ওয়ান টু ওয়ানে। ৫৬ মিনিটে বাঁদিক থেকে তারই পাঠানো ক্রসের ওপর তোয়াতির হেড ক্রসবার উঁচিয়ে চলে যায়। এর পরপরই এই মরোক্কান স্ট্রাইকার আরেকটা চমৎকার সুযোগ নষ্ট করেছেন বাইরে মেরে।
এই সুযোগগুলোর বেশিরভাগই তৈরি হয় কাউন্টার অ্যাটাকে। কারণ দ্বিতীয়ার্ধে মাঝমাঠ নিয়ন্ত্রণ করেছে আরামবাগ যদিও গোলের তেমন সুযোগ তৈরি করতে পারেনি। একবার গোল শোধের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। সেটি ৭৪ মিনিটে, জেরি উইয়াহ'র বাড়ানো বলে টুটুলের প্লেসিং শট শেখ রাসেলের গোলরক্ষক বিপ্লব ঠেকিয়ে দিয়ে দলকে ৩ পয়েন্ট উপহার দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২৫০ঘ.
bdnews24