২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনী এখন বি. লিগের শীর্ষে

সিটিসেল বি. লিগে প্রথম বারের মতো শীর্ষে উঠেছে ঢাকা আবাহনী। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়নরা ৩-০ গোলে হারিয়েছে খুলনা আবাহনীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2008, 05:13 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, ১০ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল বি. লিগে প্রথম বারের মতো শীর্ষে উঠেছে ঢাকা আবাহনী। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়নরা ৩-০ গোলে হারিয়েছে খুলনা আবাহনীকে। ঢাকা আবাহনীর এককভাবে শীর্ষে ওঠার কারণ ব্রাদার্স ইউনিয়ন ও শেখ রাসেল ক্রীড়াচক্রের হোঁচট। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে আরামবাগের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ব্রাদার্স। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম থেকে শেখ রাসেলও জয় নিয়ে ফিরতে পারেনি। তাদের গোলশূন্যভাবে রুখে দিয়েছে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী। প্রথম ম্যাচে রহমতগঞ্জের কাছে বিস্ময়করভাবে হেরে যাওয়া ঢাকা আবাহনী ২৩ মিনিটে এগিয়ে যায় নাইজেরিয়ান স্ট্রাইকার এমেকা ক্রিস্টিয়ানের গোলে। ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার মামুনুল ইসলাম। ৭৭ মিনিটে আকাশী-হলুদদের শেষ গোলটা স্ট্রাইকার এমিলির। এই জয়ের ফলে ৪ ম্যাচ থেকে ঢাকা আবাহনীর সংগ্রহ এখন ১০ পয়েন্ট। আরামবাগের বিপক্ষে ব্রাদার্সকে বাঁচিয়েছে ম্যাচের অন্তিম সময়ে আব্দুল্লাহ পারভেজের লক্ষ্যভেদ। ৩৬ ও ৪৬ মিনিটে লুৎফুর রহমান ও এমাদুল হকের গোলে এক সময় ০-২ ব্যবধানে পিছিয়ে পড়েছিল ব্রাদার্স। ৭৫ মিনিটে অধিনায়ক অমিত খান শুভ ব্যবধান কমালেও শেষ মুহূর্ত পর্যন্ত পরাজয়ের শঙ্কা চোখ রাঙাচ্ছিল গোপীবাগের দলটিকে। ৯১ মিনিটে আব্দুল্লাহ পারভেজের গোলে সেই শঙ্কা দূর হয়। আর তাই ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে আছে ব্রাদার্স। শেখ রাসেলের পয়েন্টও ৮। ১ পয়েন্ট কম নিয়ে তাদের ঠিক পরেই ঢাকা মোহামেডানের অবস্থান। সাদা-কালো জার্সিধারীরা অবশ্য একটা ম্যাচ কম খেলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১৪৫ঘ.