২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবল ফিরে গিয়েছিল সেই সোনালী দিনে

হেড করার জন্য হঠাৎ দুঃসাহসী হয়ে লাফিয়ে ওঠলেন আসলাম। জোসি অপ্রতিরোধ্য গতিতে ছুটতে শুরু করলেন আবাহনীর গোলমুখে। পুরনো এই দৃশ্যগুলো আবার জীবন্ত হয়ে উঠল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী-মোহামেডানের প্রদর্শনী ম্যাচে। বন্যার্তদের সাহায্যার্থে দুদলের সোনালী অতীতের ফুটবলাররা লড়াইয়ে নেমেছিলেন বর্তমান ফুটবলারদের সঙ্গে নিয়ে। সেই লড়াইয়ে কেউ জেতেনি, কেউ হারেনি। প্রায় ৩০ হাজার দর্শকের সামনে অনুষ্ঠিত এই লড়াইটা শেষপর্যন্ত গোলবিহীনই থেকেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2007, 04:47 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--হেড করার জন্য হঠাৎ দুঃসাহসী হয়ে লাফিয়ে ওঠলেন আসলাম। জোসি অপ্রতিরোধ্য গতিতে ছুটতে শুরু করলেন আবাহনীর গোলমুখে। পুরনো এই দৃশ্যগুলো আবার জীবন্ত হয়ে উঠল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী-মোহামেডানের প্রদর্শনী ম্যাচে। বন্যার্তদের সাহায্যার্থে দুদলের সোনালী অতীতের ফুটবলাররা লড়াইয়ে নেমেছিলেন বর্তমান ফুটবলারদের সঙ্গে নিয়ে। সেই লড়াইয়ে কেউ জেতেনি, কেউ হারেনি। প্রায় ৩০ হাজার দর্শকের সামনে অনুষ্ঠিত এই লড়াইটা শেষপর্যন্ত গোলবিহীনই থেকেছে। একটা জমজমাট লড়াইয়ের পর অরেকটি হাসি-ঠাট্টার ম্যাচ উপভোগ করেছে দর্শকরা। যেখানে চলচ্চিত্র তারকাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করেছেন সাবেক ফুটবলাররা। ফুটবল আর হ্যান্ডবলের মিশ্রণে অন্যরকম এক লড়াইয়ের আমেজ উপহার দিয়েছেন চলচ্চিত্র তারকারা। তার আগেই ফুটবলের মজাটা দিয়েছে আবাহনী-মোহামেডান। তা উপভোগ করার জন্যই চারটার মধ্যেই আবাহনী গ্যালারি পুরো-ঠাসা ! ম্যাচ শুরু হওয়ার পর মোহামেডান গ্যালারিতেও আর জায়গা নেই। প্রদর্শনী ম্যাচ বরাবরই মোহামেডান সমর্থকদের জন্য জয়ের বারতা নিয়ে আসে। এখনো পর্যন্ত কোনো প্রদর্শনী ম্যাচে আবাহনী হারাতে পারেনি মোহামেডানকে। এবার সালাম মুর্শেদী ও বাদল রায়ের সেই জুটি দেখে যেন তারা আরো উদ্দিপ্ত। এখনো সাদা-কালো জার্সিতে মেদহীন বাদল রায় আবাহনীর ডিফেন্সের জন্য আতংক। সেটা টের পেয়েই তাকে সতর্ক প্রহরায় রেখেছিলেন হাল আমলের আবাহনী অধিনায়ক আরিফ খান জয়। একবার তিনি কঠিন ফাউল করে বসেন বাদল রায়কে। মুটিয়ে যাওয়া শরীর নিয়ে সমস্যায় পড়েছিলেন সালাম মুর্শেদী, পায়ে আগের সেই ধার নেই দেখে একসময় তিনি নিজেই ডিফেন্সে পিছিয়ে আসেন ! অন্যদিকে আবাহনীর স্ট্রাইকার শেখ মোহাম্মদ আসলাম যেন বয়সকে হার মানানোর জন্যই নেমেছিলেন। হাসানুজ্জামান বাবলুর ক্রসে তার চমৎকার ডাইভিং হেড সেই আশির দশকে ফিরিয়ে নিয়ে গেছে আবহনী সমর্থকদের। তার দেওয়া সম্পূরক তথ্য শুনুন, "বয়স বাড়লেও অভ্যাসটা তো পুরোপুরি ভুলিনি। এখনো নিয়মিত ব্যায়াম করি আমি।" আর ব্যায়ামের অভাবেই যেন বিখ্যাত লেফট উইঙ্গার আশরাফউদ্দিন চুন্নু এখন নখদন্তহীন। কিন্তু লিকলিকে শরীর নিয়ে এখনো ওয়াসিম ইকবাল বডিডজে দু-একজনকে ছিটকে ফেলতে পারেন। ছন্দ এখনো তাকে ছেড়ে যায়নি, তার প্রমাণ দিয়েই মিনিট বিশেক পর মাঠ ছেড়ে দাওয়াত খেতে চলে গেছেন সাবেক এই ফুটবল তারকা। এছাড়াও আবাহনীর জার্সি গায়ে নেমেছেন অলক, রূপু, খসরু, এফ আই কামাল, জাকির এবং দলের এসময়ের ফুটবলাররা। আরেকটা খবর হচ্ছে, ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে এসে প্রথমবারের মতো আকাশী-হলুদ জার্সিতেও নিজেকে পরীক্ষা করে নিলেন দেশের অন্যতম সেরা ডিফেন্ডার জুয়েল রানা। জুয়েলকে অবশ্য কয়েকবার বিপদে ফেলেছেন মোহামেডানের সাব্বির। বলের ওপর তার চমৎকার নিয়ন্ত্রণ এখনো দর্শকদের মোহিত করে। এই ম্যাচেও গোল করাতে পারতেন কিন্তু সালাম মুর্শেদী যে ডিফেন্ডার হয়ে গেছেন! তাই বলে কায়সার হামিদের গুরুত্ব এতটুকু কমেনি সাদাকালো শিবিরে। আসলামকে চোখে চোখে রাখার কাজটা করেছেন এই ডিফেন্ডারই। এবং মোটামুটি ভালোই করেছেন। ফলে আবাহনীর মধ্যে প্রদর্শনী ম্যাচ জেতার চাপা একটা উত্তেজনা থাকলেও তা চাপাই থেকে গেছে শেষপর্যন্ত। তবে বিফলে যায়নি টিকেট কেটে মাঠে আসা দর্শকদের আবেগ-উত্তেজনা। এখনকার ফুটবল তাদের মনের খোরাক উপহার দিতে না পারলেও সাবেকরা এখনো পারঙ্গম, অন্তত কিছু সময়ের জন্য হলেও ফুটবলের সেই সোনালী অতীতে ফিরিয়ে নিয়ে যেতে পেরেছেন দর্শকদের। তারপরও একটু অপ্রাপ্তি থেকে গেছে বোধহয় কাজী সালাউদ্দিনের অনুপস্থিতিতে। চলচ্চিত্র জগতের সবচেয়ে উজ্জ্বল তারকা নায়ক রাজ রাজ্জাকের সঙ্গে এই ফুটবল সুপারস্টারও মাঠে থাকলে আয়োজনটা সর্বাঙ্গ সুন্দর হতো। চলচ্চিত্র শিল্পীদের মধ্যে সাকিব খান, ওমর সানি, অমিত হাসান, ফেরদৌস, শাবনুর, মৌসুমী, পূর্নিমা, পপিসহ অনেকেই মাঠে হাজির হয়েছেন। এবং বন্যার্তদের সাহায্যার্থে অয়োজিত এই প্রদর্শনী ফুটবল ম্যাচ দেখতে আসার জন্য দর্শকদের শুভেচ্ছা জানিয়েছেন। শুধু ম্যাচ নয়, ম্যাচের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও ছিল। এই আয়োজন এবং খেলোয়াড়-চলচ্চিত্র শিল্পীদের ব্যক্তিগত খাত থেকে অর্জিত অর্থ সোম-মঙ্গলবারের মধ্যেই প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন মোহামেডানের অতিরিক্ত সাধারণ সম্পাদক এবং এই ম্যাচের মুখ্য আয়োজক মোস্তাকুর রহমান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২২০ঘ.