ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আবারো গঙ্গা-পদ্মা কাপ ফুটবলকে আলোচনায় তুলে এনেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি এস এ সুলতান। এ ব্যাপারে আলোচনা করতেই তিনি বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল দলের সঙ্গেই দিল্লী রওনা হচ্ছেন।
বুধবার বাফুফে সভাপতি এস এ সুলতান জানিয়েছেন, "সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট প্রিয়রঞ্জন দাসমুন্সীই আমাকে আমন্ত্রণ জানিয়েছেন গঙ্গা-পদ্মা কাপ নিয়ে আলোচনা করতে। বৃহস্পতিবার বিকেলে তার সঙ্গে আমার আলোচনা হবে। আশা করি এবার একটা সিদ্ধান্ত হবে।"
এই টুর্নামেন্টের খবর ফুটবলামোদীরা প্রথম শুনেছিল বাফুফে সভাপতি এস এ সুলতানের মুখেই। তারপর গত তিন বছর এ সংক্রান্ত নানা খবর দিয়ে মিডিয়াতে টিকিয়ে রেখেছিলেন গঙ্গা-পদ্মা কাপকে, কিন্তু সেটা আর মাঠে গড়ায়নি। তবে এবার তিনি আশাবাদী, "আমরা চাইছি প্রথমে এখানে আয়োজন করতে। ডিসেম্বরের আগেই যেন এ টুর্নামেন্ট আয়োজন করতে পারি সে ব্যাপারে কথা বলবো প্রিয়দা'র সঙ্গে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৪০ঘ.
bdnews24