ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- এশিয়ার হকিতে বাংলাদেশ বড় কোনো শক্তি নয়। তারপরও তাদের সম্ভাবনা আছে এশিয়া কাপ হকিতে! ওই টুর্ণামেন্টকে ঘিরে নয়, বিশ্বকাপ হকির বাছাইপর্ব খেলার স্বপ্ন নিয়েই বাংলাদেশ এশিয়া কাপ খেলতে যাবে।
আগামী ৩১ আগস্ট থেকে ভারতের চেন্নাইয়ে শুরু হবে এশিয়া কাপ হকি। ১১ দলের এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, রানার্স-আপ সরাসরি বিশ্বকাপে খেলবে, ক্রম অনুসারে পরের চারটি দল বিশ্বকাপ বাছাইপর্ব খেলার সুযোগ পাবে। অর্থাৎ বাছাইপর্ব খেলতে হলে নূন্যতম ষষ্ঠস্থানে থাকতে হবে। কিন্তু বাংলাদেশের জন্য খুব কঠিন এক স্বপ্ন এটা। কারণ শক্তির দিক থেকে এশিয়ার প্রথম ছয়ের মধ্যে বাংলাদেশের নাম আসে না। এক নিশ্বাসে বলে গেলে ৬টি দলের মধ্যে ভারত, পাকিস্তান, জাপান, কোরিয়া, চীন ও মালয়েশিয়া থাকবে। বাংলাদেশ দলের কোচ মাহবুব হারুনও জানেন, "আমাদের টার্গেট নূন্যতম ষষ্ঠ স্থান, তবে এ-ও জানি এটা অনেক কঠিন কাজ। আমাদের দল তারুণ্যনির্ভর, তারা যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে তাহলে সম্ভব। স্থাননির্ধারনী ম্যাচে মালয়েশিয়া অথবা চীনকে হারাতে পারলেই হবে।"
সপ্তম এশিয়া কাপের 'বি' গ্র"পে বাংলাদেশের সঙ্গী ভারত, দক্ষিণ কোরিয়া, চীন, থাইল্যান্ড ও শ্রীলংকা। এ গ্র"পে আছে পাকিস্তান, জাপান, মালয়েশিয়া, হংকং ও সিঙ্গাপুর। পাকিস্তান এশিয়া কাপে খেলার কথা ছিল না, কিন্তু কয়েক সপ্তাহ আগে তারা খেলার সম্মতি জানানোয় বাংলাদেশের সম্ভাবনা আরো ক্ষীণ হয়ে পড়েছে। গ্র"পে বাংলাদেশ থাইল্যান্ড ও শ্রীলংকার সঙ্গে জয়ের আশা করছে। তাদের সঙ্গে ৪-৩-৩ ছকে খেলে জেতার আশা করছে বাংলাদেশ। আর বড় দলগুলোর বিপক্ষে ৪-৪-২ এর রক্ষনাত্মক ছকে খেলে ৫ গোলের কম ব্যবধানে পরাজয়কে সম্মানজনক ভাবা হচ্ছে।
তবে ষষ্ঠ হওয়াটা একেবারে অসম্ভব টার্গেট নয়। এর আগে বাংলাদেশ ষষ্ঠস্থান পেয়েছে তিনবার --- '৮৫ তে ঢাকা এশিয়া কাপে, '৯৩ তে হিরোশিমা এশিয়া কাপে এবং '৯৯ তে মালয়েশিয়া এশিয়া কাপে। এবার ওই স্থানে ওঠার স্বপ্নকে ধাক্কা দিচ্ছে ২০০৩ সালের এশিয়া কাপের ফল, যেখানে আট দলের মধ্যে অষ্টম হয়েছিল বাংলাদেশ। এবং দিনে দিনে খারাপ হয়েছে এখানকার হকির অবস্থা। যে কারণে অনেক অভিজ্ঞ খেলোয়াড় এবার মুখ ফিরিয়ে নিয়েছেন। এশিয়া কাপের প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়েও যোগ দেননি এহসান রানা, মুসা মিয়া, বাপ্পী, হাবুলের মতো খেলোয়াড়রা। গত এশিয়া কাপের দলের ৭ জনকে ছাড়াই গড়তে হয়েছে এবারের দল। ডাক পাওয়া ২৮ জনকে নিয়ে এক মাসেরও বেশি সময় প্রশিক্ষণ ক্যাম্প হয়েছে। কোচ মাহবুব হারুন ও সহকারী কোচ আব্দুল্লাহ পিরুর তত্ত্বাবধানে ১৮ জনের চূড়ান্ত স্কোয়াড গঠন করা হয়েছে, যাদের নিয়ে প্রশিক্ষণ চলবে এশিয়া কাপের আগ পর্যন্ত।
দলের বেশিরভাগই তরুণ খেলোয়াড়। কিন্তু মাহবুব হারুনের বিশ্বাস, "নতুনরা খারাপ খেলবে না। পুরনোরা ক্যাম্পে যোগ না দেওয়ায় যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ করতে পারবে নতুন খেলোয়াড়রা।" জাতীয় দলে একেবার নতুন মুখ ইমরান হোসেন, কামরুজ্জামান রানা, ইকবাল নাদের প্রিন্স ও মোশারফ হোসেন কুটি। তাদের অনভিজ্ঞতা এবং স্নায়ুচাপকে ভয় পাচ্ছেন কোচ, "বড় দলগুলোর সঙ্গে তারা স্নায়ুচাপে ভুগতে পারে। এটা কাটানোর উপায় হতে পারে টুর্ণামেন্টের আগে বড় দলের সঙ্গে ওয়ার্ম-আপ ম্যাচ খেলা। পাকিস্তান ও জাপানের সঙ্গে ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে।" বাংলাদেশ হকি ফেডারেশন এই দুটো দলকে অনুরোধ জানিয়েছে ওয়ার্ম-আপ ম্যাচের জন্য।
প্রশিক্ষণের জন্য হাতে আর সপ্তাহ দুয়েক সময় আছে। এখন কাজ চলছে পেনাল্টি কর্ণার নিয়ে--- গোল আদায় করা ও গোল ঠেকানোর কৌশল নিয়ে। "ভারত ও পাকিস্তানের মতো বড় দলগুলো এখন ফিল্ডগোলের পরিবর্তে পেনাল্টি কর্ণার থেকে গোল আদায় করে নেয়। এটাই তাদের সঙ্গে আমাদের বড় পার্থক্য। আমি এখন প্র্যাকটিসে পেনাল্টি কর্ণারের ওপর জোর দিচ্ছি"- বলেছেন মাহবুব হারুন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/ওআরপি/১৯৩৫ঘ.
bdnews24