২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন মাসের মধ্যেই বাফুফের নির্বাচন

সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালের পদত্যাগের পর তিন মাসের মধ্যেই নির্বাচন করার তোড়জোর শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মঙ্গলবার বাফুফে ভবনে সাংবাদিকদের একথা জানিয়েছেন সভাপতি এসএ সুলতান, "দেশের সুনাম অক্ষুন্ন রেখে আগামী তিন মাসের ভেতর ফিফার গাইডলাইন অনুযায়ী স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি আমরা।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2007, 03:28 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা, ৭ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালের পদত্যাগের পর তিন মাসের মধ্যেই নির্বাচন করার তোড়জোর শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মঙ্গলবার বাফুফে ভবনে সাংবাদিকদের একথা জানিয়েছেন সভাপতি এসএ সুলতান, "দেশের সুনাম অক্ষুন্ন রেখে আগামী তিন মাসের ভেতর ফিফার গাইডলাইন অনুযায়ী স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি আমরা।" সুলতান ও হেলালের নেতৃত্বাধীন বাফুফের মেয়াদ অবশ্য ফুরিয়ে গিয়েছিল গত এপ্রিলেই। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত তাদের কমিটির মেয়াদ বাড়িয়ে দেয়। সেই সঙ্গে নির্বাচনের আগে দেশের সবকটি জেলায় ফুটবল অ্যাসোসিয়েশন গড়ারও পরামর্শ দেয়। ওই পরামর্শ বাস্তবায়নের জন্য তৈরি করা খসড়া নীতিমালা এখন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন পদত্যাগী সাধারণ সম্পাদক হেলাল। দুই সপ্তাহ আগে পদত্যাগ করলেও সোমবারই ঘটনাটা অবহিত করেছেন সবাইকে। মঙ্গলবার বাফুফে সাধারণ সম্পাদক হিসেবে শেষবারের মতো অফিস করতে এসে ফুটবল অ্যাসোসিয়েশন গঠন প্রসঙ্গে বলেছেন, "৬৪ জেলায় ফুটবল অ্যাসোসিয়েশন গঠনের বিষয়টা নিয়ে এখন এনএসসি কাজ করছে। দুয়েকদিনের মধ্যেই অনুমোদন পাওয়া যাবে বলে আশা করছি।" হেলালের পদত্যাগের প্রেক্ষিতে বুধবার বাফুফের জরুরী সভা আহবান করা হয়েছে। উপ সম্পাদক মঞ্জুর হোসেন মালুর এখন সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়াটা একরকম নিশ্চিত। তবে এই সভায় আসতে পারেন হেলালও। সেখানে তাকে পদত্যাগের সিদ্ধান্ত পাল্টাতে বলা হলে কী করবেন? এমন প্রশ্নের জবাবে হেলাল বললেন, "আমি অনেক ভেবেচিন্তে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। কিছূতেই আর এই সিদ্ধান্ত বদলাচ্ছি না।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআর/এমপি/ওআরপি/২১২৬ঘ.