ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- ঝিমিয়ে পড়া শ্যুটিংকে চাঙ্গা করার উদ্যোগ নিয়েছেন শ্যুটিং ফেডারেশনের নতুন সভাপতি নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দীন। শনিবার গুলশান শ্যুটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত ১০ম বার্ষিক সাধারণ সভায় তিনি প্রত্যেক শ্যুটিং ক্লাব থেকে অন্তত দুজন করে শ্যুটার তৈরি করার তাগিদ দিয়েছেন।
একসময়ের স্বর্ণপ্রসবা শ্যুটিং এখন আর আন্তর্জাতিক অঙ্গনে তেমন কিছুই দিতে পারছে না। ওঠে আসছে না নতুন শ্যুটার। সেজন্যই নতুন সভাপতি প্রতিভা অন্বেষণের ওপর জোর দিতে চান, "শ্যুটিং ফেডারেশন নতুন প্রতিভা অন্বেষণ ও প্রশিক্ষণের ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। তৃণমূল পর্যায় থেকে অর্থাৎ প্রতিটি ক্লাবকে অন্তত দুজন করে শ্যুটার তৈরি করতে হবে যারা আগামীতে দেশের জন্য সম্মান বয়ে আনবে।"
এছাড়া নতুন সভাপতি শ্যুটিং ফেডারেশনের আর্থিক সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। কারণ ফেডারেশনের আর্থিক সচ্ছতা নিয়ে অনেক বিতর্ক হয়েছে অতীতে। ফেডারেশনের নতুন সভাপতি মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ফেডারেশনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরী বার্ষিক প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ আজিজ আহমেদ ২০০৬-২০০৭ সালের অডিট রিপোর্ট পেশ করেন।
বার্ষিক সাধারণ সভায় ২৫ জন কাউন্সিলর আলোচনায় অংশ নেন। তাদের বক্তব্য শুনে সভাপতি কয়েকটি ক্লাবের সমস্যা সমাধানে কিছু নির্দেশনা দিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২১২৬ঘ.
bdnews24