ঢাকা, জুলাই ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) ---- জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন উ আহমেদকে। রোববার জাতীয় ক্রীড়াপরিষদের সংশোধিত আইন ১৯৭৪ এর ৫ ধারা অনুযায়ী সরকার জাতীয় ক্রীড়াপরিষদ ও তার নির্বাহী কমিটির চেয়ারম্যান পদে সেনাপ্রধানকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে।
গত চারদলীয় জোট সরকারের আমলে ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলই ছিলেন এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান। তারপর পদাধিকার বলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টারাই পালন করে গেছেন এই দায়িত্ব। রোববার সেনাপ্রধানের নিয়োগের মাধ্যমে এই ধারার অবসান ঘটল।
তবে জাতীয় ক্রীড়া পরিষদের হাতে প্রধানের দায়িত্ব সেনা কর্মকর্তার অধিষ্ঠিত হওয়া নতুন ঘটনা নয়। ১৯৭৬ সালে সাবেক রাষ্ট্রপ্রধান হোসেইন মোহাম্মদ এরশাদকে দিয়েই শুরু হয়েছিল। দু বছর তিনি চেয়ারম্যান থাকার পর দায়িত্ব পান ব্রিগেডিয়ার সাখাওয়াতুল বারী। এই সেনা কর্তৃত্বের ধারাবাহিকতায় মেজর জেনারেল আব্দুস ওয়াহেদ, মেজর জেনারেল সাদেকুর রহমান ও মেজর জেনারেল মাহবুবুর রহমানও ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান পদে।
এরশাদ সরকারের পতনের মধ্য দিয়ে এই ধারার অবসান ঘটে। এবং ১৯৯১ সালে দেশে গণতান্ত্রিক ধারা শুরুর সঙ্গে সঙ্গেই পরিষদের র্কতৃত্ব তুলে নেন ক্রীড়া প্রতিমন্ত্রী নিজেই। এই ধারা বহাল ছিল গত বিএনপি -- জামাত জোট সরকারের আমলেও। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরীর কাছেই এটাকে একটা ভ্রান্ত ধারনা মনে হয়েছে, "একই মানুষ ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান হিসেবে থাকবেন, এটা একেবারেই ভ্রান্ত ধারনা এবং স্ববিরোধীও বটে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০১০ঘ.
bdnews24