২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উঁচু শহরে ফুটবল ম্যাচ নিষিদ্ধ করলো ফিফা

সমুদ্র পৃষ্ঠ থেকে আড়াই হাজার মিটার বা তারচেয়ে বেশি উচ্চতার কোনো শহরে আর হতে পারবে না কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2007, 05:41 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা নিষিদ্ধ করেছে ওই সব শহরে ম্যাচ আয়োজন। ৫৭তম কংগ্রেসকে সামনে রেখে ফিফা নির্বাহী কমিটির সর্বশেষ সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

বলিভিয়া-ইকুয়েডরের মতো দেশের জন্য দারুণ এই দুঃসংবাদটা রোববার ঘোষণা করেছেন খোদ ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার। এই সিদ্ধান্তের ফলে বলিভিয়ার লা পাজ আর ইকুয়েডরের কিটোর মতো শহরে আর আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজন করা যাবে না। অথচ লাতিন আমেরিকার এই দেশগুলো নিজেদের দেশেই সব সময় পেয়ে এসেছে তাদের সেরা সাফল্য। তাদের পক্ষ থেকে যে বিরোধিতা আসতে পারে সেটা মনে রেখেও মেডিকেল কমিটির পরামর্শক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্ল্যাটার, “জানি, বিশেষ করে দক্ষিণ আমেরিকার কোনো কোনো দেশ এর বিরোধিতা করবে। কিন্তু আমাদের সবার আগে খেলোয়াড়দের স্বাস্থের কথাটা ভাবতে হবে। তাছাড়া ও রকম উঁচু শহরে ম্যাচ হলে প্রতিদ্বন্দ্বিতাও হয়ে ওঠে অসম।”