ওল্ডহ্যামের সঙ্গে ড্র করেছে ঢাকা আবাহনী
ঢাকা আবাহনীর সঙ্গে ইংল্যান্ডের ওল্ডহ্যাম অ্যাথলেটিক ফুটবল ক্লাবের প্রীতি ম্যাচে কোন গোল হয়নি। তবে শনিবার গোলশূন্য ড্র হওয়া প্রীতি ম্যাচটাতে ‘অপ্রীতিকর’ ঘটনা ঘটেছে ঠিকই।
হাতাহাতি করে ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখেছেন আবাহনীর আর্জেন্টাইন স্ট্রাইকার হার্মান পেরোডি ও ওল্ডহ্যামের মার্কাস হোলনেস। অর্থাৎ ইংলিশ ও আর্জেন্টাইনদের জাতিগত দ্বন্দ্বের একটা আবহই যেন ফুটে উঠেছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
বাংলাদেশ সফরে আসা ওল্ডহ্যামের অনূর্ধ্ব-২৩ দলের এটাই ছিল শেষ ম্যাচ। প্রথম দুই ম্যাচে ঢাকা মোহামেডানের কাছে ১-২ গোলে হেরেছিল তারা। আর সিলেটে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে ড্র করেছিল ১-১ গোলে। রোববার সকালে দেশের উদ্দেশে রওনা দিচ্ছেন ওল্ডহ্যামের তরুণ ফুটবলাররা।
