২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউ জিতলো ইংলিশ লিগ, স্প্যানিশ লিগ লড়াই আরো জমিয়ে দিলো রিয়াল

নিজেদের কাজটুকু আগেই সেরে রেখেছিল তারা। কিন্তু রোববার রাতেই যে শিরোপাটা নিশ্চিত হয়ে যাবে, সেটা হয়তো আশা করেননি ম্যানচেস্টার ইউনাইটেডের পাঁড় সমর্থকরাও। রেড ডেভিলদের যে খেলা ছিল না এদিন ইংলিশ প্রিমিয়ার লিগে!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2007, 07:13 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

কিন্তু প্রধান দুই প্রতিদ্বন্দ্বী চেলসি আর আর্সেনালের খেলাটি ড্র হওয়ায় দু ম্যাচ বাকি থাকতেই চার বছর পর তাদের শিরোপা জেতাটা নিশ্চিত হয়ে গেছে।

এদিনই শিরোপা জিতেছে ডাচ ক্লাব আয়াক্স আর্মস্টারডামও। তবে লিগ নয়, তারা জিতেছে ডাচ কাপ, ১৭তম বারের মতো। এজেড অ্যালকমারের সঙ্গে ফাইনাল ম্যাচটি অতিরিক্ত সময় পর্যন্ত ড্র থাকার পর টাইব্রেকারে ৮-৭ গোলে জিতেছে তারা।

তবে দিনের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি উপহার দিয়েছে স্প্যানিশ লিগের শিরোপা লড়াইয়ে থাকা দুই দল রিয়াল মাদ্রিদ আর সেভিয়া। সেই ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েও ৩-২ গোলে জিতে বার্সেলোনার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলতে শুরু করেছে রিয়াল।

শনিবার একই শহরের ক্লাব ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে নিজেদের কাজটা সেরে রেখেছিল ম্যান ইউ। এরপর তাদের ধরতে হলে চেলসিকে জিততেই হতো আর্সেনালের বিপক্ষে। কিন্তু যেভাবে শুরু হয়েছিল ম্যাচটি, তাতে উল্টো হেরেই যেতে পারতো তারা। ম্যাচের ৪৩ মিনিটে ডাচ ডিফেন্ডার খালিদ বুলারুজ নিজেদের সীমানায় হুলিও বাপ্তিস্তাকে ফাউল করে গানারদের পেনাল্টি উপহার দেওয়ার পাশাপাশি লালকার্ডও দেখেছেন নিজে। ওই পেনাল্টি থেকেই গোল করে গিলবার্তো এগিয়ে নিয়েছেন আর্সেনালকে। ১০ জনের দল নিয়েও অবশ্য চেলসি লড়েছে সমানে সমানে। ২০ মিনিট বাকি থাকতে দারুণ এক হেডে সমতা ফেরান ঘানাইয়ান স্ট্রাইকার মাইকেল এসিয়েন। বাকি সময় মরিয়া চেষ্টাতেও আর জয়সূচক গোলের দেখা পায়নি ‘ব্লুজ’রা। ফলে দুই ম্যাচ হাতে রেখেই ৭ পয়েন্টে এগিয়ে গিয়ে চার মৌসুম পর ইংলিশ লিগের শিরোপা ফিরে পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

মাদ্রিদের সান্টিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে রিয়ালের শুরুটাও হয়েছে চেলসির মতো খারাপ। সেভিয়ার ইতালিয়ান স্ট্রাইকার এনজো মেয়ারস্কা বিরতির বাঁশি বাজার চার মিনিট আগে দুর্দান্ত এক ভলিতে গোল করে এগিয়ে নেন উয়েফা কাপ চ্যাম্পিয়নদের। তবে আরেক ইতালিয়ান, রিয়ালের কোচ ফ্যাবিও ক্যাপেলোর এক জুয়ায় বিরতির পর বদলে যায় পরিস্থিতি। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ১৫ মিনিট পর অধিনায়ক রাউলের জায়গায় গুতিকে নামান তিনি, আর কোচের আস্থার দারুণ প্রতিদান দিয়ে ২০ মিনিটের মধ্যে তিনটি গোলের উৎস গড়ে দেন এই প্লে-মেকার।

মাঠে নেমে প্রথম বলটা ধরেই গুতি মধ্যমাঠ থেকে ডিফেন্স-চেরা এক পাস বাড়িয়েছিলেন রুড ফন নিস্টলরয়ের উদ্দেশ্যে, সেটা ধরে সেভিয়া গোলরক্ষককে কাটিয়ে ডান পায়ের জোরালো শটে ম্যাচে সমতা ফেরান এই ডাচ স্ট্রাইকার। গুতির পাস থেকেই দ্বিতীয় গোলটি করে রিয়ালকে এগিয়ে নেন রবিনহো, তবে গোলের পর জার্সি খুলে উৎসব করতে গিয়ে নিজের বিপদও ডেকে আনেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। দ্বিতীয় হলুদ কার্ডের কারণে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে!

একজন বেশি নিয়ে খেলার সুবিধাটা অবশ্য বেশিক্ষণ রাখতে পারেনি সেভিয়া। মোহাম্মাদু দিয়ারাকে ফাউল করে তাদের ডিফেন্ডার এইতোর ওসিও-ও লালকার্ড দেখেন। আর এই সুবিধা নিয়ে ম্যাচের ৮০ মিনিটে দলের তৃতীয় গোলটিও তৈরি করে দেন গুতি। এবার ডানপ্রান্ত দিয়ে তার বাড়ানো নিখুঁত পাসটি পেয়েছিলেন ডিফেন্ডার সার্জিও র‌্যামোস, তার শট সেভিয়া গোলরক্ষক কোনো রকমে ফিরিয়ে দিলেও ফিরতি বলে নিস্টলরয়ের হেড রিয়ালের জয় নিশ্চিত করে। ইনজুরি সময়ে ফ্রি কিক থেকে গোল করে ব্যবধানটাই শুধু কমিয়েছেন সেভিযার বদলি স্ট্রাইকার আরনেস্টো শেভানটন।

পাঁচটি করে খেলা বাকি থাকতে স্প্যানিশ লিগের শীর্ষে থাকা বার্সেলোনা, রিয়াল ও সেভিয়ার পয়েন্ট এখন যথাক্রমে ৬৫, ৬৩ ও ৬১।