উয়েফা কাপে ‘অল স্প্যানিশ’ ফাইনাল
এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালকে ‘অল ইংলিশ’ করতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড।
বুধবার সেমিফাইনালের ফিরতি লেগে এসি মিলানের কাছে তারা ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইংল্যান্ডের দুটো ক্লাবের মুখোমুখি হওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে। তবে উয়েফা কাপের ফাইনালকে ‘অল স্প্যানিশ’-এ রূপ দিতে ভুল করেনি সেভিয়া ও এসপানিওল। স্পেনের ক্লাব দুটোই এবারের উয়েফা কাপের ফাইনালে উঠেছে।
বৃহস্পতিবার সেমিফাইনালের ফিরতি লেগে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন সেভিয়া ঘরের মাঠে স্পেনের আরেক ক্লাব ওসাসুনাকে ২-০ গোলে হারিয়েছে। ওসাসুনায় অনুষ্ঠিত প্রথম লেগে স্বাগতিকরা ১-০ গোলে জয় পেলেও ২-১ অ্যাগ্রিগেটে ফাইনাল নিশ্চিত করেছে সেভিয়াই। অন্য সেমিফাইনালে এসপানিওলের কাছে পাত্তাই পায়নি জার্মানির ওয়ার্ডার ব্রেমেন। প্রথম লেগে এসপানিওল জিতেছিল ৩-০ গোলের বড় ব্যবধানে। বৃহস্পতিবার ব্রেমেন থেকেও তারা ফিরেছে ২-১ গোলের মধুর এক জয় নিয়ে। আর সেজন্যই ফাইনালে দুই স্প্যানিশ ক্লাবের লড়াইয়ের পটভূমি প্রস্তুত। আগামী ১৬ মে গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে অনুষ্ঠিত হবে ফাইনাল।
