ইতালিয়ান লিগে ইন্টার মিলান চ্যাম্পিয়ন
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে জিদানকে মাথা দিয়ে গুঁতো দিয়ে সারা পৃথিবীর মানুষের কাছে খলনায়কে পরিণত হয়েছিলেন তিনি। ইতালির সেই খলনায়ক ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জিই এখন ইন্টার মিলানের নায়ক!
রোববার মাতেরাজ্জির দুই গোলের সুবাদে সিয়েনাকে ২-১ ব্যবধানে হারিয়ে ইতালিয়ান সিরি ‘এ’র শিরোপা নিশ্চিত করেছে ইন্টার। অবশ্য আটলান্টার কাছে রোমা একই ব্যবধানে হেরে না গেলে রোববার শিরোপা জয়ের আনন্দে তারা মেতে উঠতে পারতো না। ৩৩টি করে ম্যাচ খেলে ইন্টারের সংগ্রহ ৮৪ পয়েন্ট, আর রোমার ৬৮। সেজন্যই ৫ রাউন্ড বাকি রেখে ইন্টারের শিরোপা নিশ্চিত হয়ে গেছে।
এদিকে স্প্যানিশ ‘প্রিমেরা লিগা’য় এখন দারুণ প্রতিদ্বন্দ্বিতা। রোববার ভিলারিয়ালের কাছে ০-২ গোলে হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ফলে ৩১ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ৫৯ই রইলো। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে সেভিয়া। রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৫৭ পয়েন্ট। স্প্যানিশ লিগের আর ৭ রাউন্ড বাকি।
