২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো সপ্তাহ দুয়েক হাসপাতালে থাকতে হবে ম্যারাডোনাকে

হেপাটাইটিসে আক্রান্ত হওয়া ম্যারাডোনার শারিরীক অবস্থার উন্নতি হচ্ছে আস্তে আস্তে। তবে পুরো সুস্থ হওয়ার জন্য তাকে আরো সপ্তাহ দুয়েক থাকতে হবে হাসপাতালে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2007, 10:55 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

অবশেষে স্পষ্ট করেই জানানো হয়েছে আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের রোগের খবর। গত সপ্তাহে তাকে হাসপাতালে ভর্তি করা হলেও এতদিন তার রোগ সম্পর্কে নির্দিষ্ট করে কিছুই জানানো হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ থেকে। বুধবার সংবাদ সম্মেলন করে জনানো হয়েছে ডিয়েগো হেপাটাইটিসে আক্রান্ত এবং অত্যধিক মদ্যপানের কারণেই এই রোগ বাসা বেঁধেছে তার শরীরে। তবে গুমেজ হাসপাতালের মেডিকেল ডিরেক্টর হেক্টর পেজ্জেল্লা আশ্বস্ত করেছেন, “তিনি খুব তাড়াতাড়িই সেরে উঠছেন।”

এতে করে অন্ততঃ অবসান হয়েছে একটা বিতর্কের-মাদকাসক্তির সঙ্গে হেপাটাইটিসের কোনো সম্পর্ক নেই। তাকে হাসপাতালে ভর্তির সঙ্গে সম্পূরক রটনা ছিল মাদকাসক্তির কারণেই হয়তো আবার নতুন সমস্যা দেখা দিয়েছে। কারন ২০০০ ও ২০০৪ সালে ম্যারাডোনার মারাত্মক হৃদরোগের নেপথ্যে ছিল কোকেন সেবন। সেই মরণঘাতী আসক্তি কাটানোর জন্য মাঠের বাইরেও লড়তে হয়েছিল এই কিংবদন্তীকে। ’৯৭ সালে ফুটবল থেকে অবসর নেওয়ার পর তাকে দীর্ঘসময় কাটাতে হয়েছিল কিউবায় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে। সেই লড়াইয়ে তিনি জিতলেও এখনো ম্যারাডোনা-ভক্তরা পার্শ্বপ্রতিক্রিয়ার আশংকায় থাকেন।

তাদের জন্য সুখবর হচ্ছে, সেই আশংকা সত্যি নয়। গত দু-তিন মাস ধরে অতিরিক্ত মদ্যপান ও ধুমপানের কুফলই হচ্ছে এই হেপাটাইটিস। আগে তার ধুমপানের নেশা না থাকলেও কয়েক মাসে নাকি হয়েছে এই বদ অভ্যাস। তাই আবার শারিরীক অবস্থার অবনতি হয়, এমনকি শ্বাস-প্রশ্বাস নিতেও তার কষ্ট হচ্ছিল। এখন আর এই সমস্যা নেই, তাবে পুরোপুরি সেরে ওঠার জন্য ম্যারাডোনাকে আরো দু সপ্তাহ বুয়েন্স আইরেসের হাসপাতালেই থাকতে হবে বলে জনিয়েছেন ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক আলফ্রেডো কায়ি।