শেষ মিনিটের গোলে মিলানকে রুখে দিল বায়ার্ন, লিভারপুলের জয়
গোল করে ধরে রাখতে না পারায় শেষপর্যন্ত ড্রয়ের নিয়তি মেনেই মাঠ ছাড়তে হয়েছে এসি মিলানকে। মঙ্গলবার গভীর রাতে (বাংলাদেশ সময়) চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে তারা নিজেদের মাঠে ২-২ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখের সঙ্গে। অন্য কোয়ার্টার ফাইনালে পিএসভি আইন্দোভেনকে ০-৩ গোলে হারিয়ে সেমি ফাইনালের পথে লিভারপুল।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল এসি মিলানের। দ্বিতীয় মিনিটেই তারা এগিয়ে যাওয়ার মতো সুযোগ পেয়েছিল; মারেক জাংকোভস্কির ক্রসে ক্ল্যারেন্স সিডর্ফ পা ছোঁয়ালেই পিছিয়ে পড়ত বায়ার্ন। স্ট্রাইকারদের ব্যর্থতার পাশাপাশি নিয়মিত গোলরক্ষক অলিভার কানের জায়াগায় খেলতে নামা বায়ার্নের তরুণ গোলরক্ষক রেনসিংয়ের কয়েকটি অসাধারণ সেভও বাধার প্রাচীর গড়ে তুলেছিল মিলানের সামনে। তাই গোলের জন্য অপেক্ষা করতে হয় ৪০ মিনিট পর্যন্ত, ওডোর ক্রসে আন্দ্রে পির্লোর হেড প্রাণ সঞ্চার করে গোলের অপেক্ষায় থাকা মিলান সমর্থকদের মধ্যে।
এক গোলে এগিয়ে থাকা মিলান দ্বিতীয়ার্ধও নিজেদের নিয়ন্ত্রণে রেখেই এগিয়ে যাচ্ছিল। কিন্তু ম্যাচের শেষ ১২ মিনিট যেন বরাদ্ধ ছিল ভ্যান বুইটেনের জন্য। ৭৮ মিনিটে তার গোলেই ম্যাচে ফিরে আসে বায়ার্ন। তারপর আবার গোলের জন্য মরিয়া হয়ে ওঠে মিলান এবং একটি বিতর্কিত পেনাল্টিও আদায় করে নেয়। কিন্তু ৮৪ মিনিটে কাকার পেনাল্টিতে আবার তারা ২-১ গোলে এগিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে ভ্যান বুইটেন কোনাকুনি শটে মিলানের গোলকরক্ষক ডিডাকে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোল করেন। ম্যাচ ড্র হলেও প্রতিপক্ষের মাঠে করা ভ্যান বুইটেনের দুটি গোল সুবিধাজনক অবস্থানেই রেখেছে বায়ার্নকে।
অন্য কোয়ার্টার ফাইনালে পিএসভির মাঠে শুরু থেকেই লিভারপুল আধিপত্য করেছে এবং গোলও আদায় করে নিয়েছে নিয়মিত বিরতিতে। ২৭ মিনিটে স্টিভ ফিনানের ক্রসে হেড করে দলকে এগিয়ে নিয়ে স্টিভেন জেরার্ড লিভারপুলের হয়ে ইউরোপিয়ান কাপে সর্বোচ্চ ১৫ গোল করার রেকর্ড গড়েন। এর আগে ১৪ গোলের রেকর্ডটি ছিল ইয়ান রাশের। এরপর ৪৯ মিনিটে পিএসভির ডিফেন্সের ভুলের সুযোগ কাজে লাগান রিস বাঁ-পায়ের তীব্রগতির শটের মাধ্যমে গোল করে। ৬৩ মিনিটে পিটার ক্রাউচের গোলে বড় নিশ্চিত হয় লিভারপুলের।
