২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তারের ধাক্কায় টালমাটাল বড় ক্লাবগুলো, বি. লিগ নিয়েও শঙ্কা

যাদের নিয়ে পেশাদার ফুটবল লিগের জৌলুস --- আকর্ষণ সেই মোহামেডান --- আবাহনীই পড়ছে বিপাকে। লিগ শুরু হতে না হতেই ক্লাবের বড় ---- কর্তারা জেল --- হাজতে ঢুকে বিপদে ফেলে দিয়েছেন তাদের ফুটবল দলকে। সঙ্গে যোগ হয়েছে ক্লাবগুলোতে হাউজি বন্ধের সরকারি নির্দেশ। মোহামেডানের জন্য ব্যাপারটা এখন মরার উপর খাড়ার ঘায়ের মতোই। আরো জানাচ্ছেন সনৎ বাবলা

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2007, 06:57 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

এমনিতেই অর্থ সংকট মাথায় নিয়ে এবার কোনোমতে দল গড়েছে ঢাকা মোহামেডান। চুক্তি করার সময় খেলোয়াড়দের বড় অঙ্কের টাকা অগ্রিম দিতে পারেনি তারা, নামমাত্র টাকা দিয়ে নিজেদের করে নিয়েছে। লিগ শুরুর আগে ফুটবলাররা আবার কিছু টাকা চেয়ে বসলে বিপদে পড়ে মোহামেডান। কারণ, তখন ক্লাব সভাপতি মোসাদ্দেক আলী ফালু, সাধারণ সম্পাদক লোকমান হোসেন ভুঁইয়া এবং গভর্নিং বডির চেয়ারম্যান, সাবেক যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা শ্রীঘরে। থেমে গেছে ক্লাবের অর্থপ্রবাহ। তাদের অনুপস্থিতি যে মারাত্মক সমস্যায় ফেলে দিয়েছে তা স্বীকার করে মোহামেডানের অতিরিক্ত সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান বলেছেন, “উনারা থাকলে হয়তো টাকা --- পয়সার  সমস্যা হতো না, সবাই মিলে যোগাড় করে ফেলতাম। একটা ফুটবল দল চালানো অনেক খরচের ব্যাপার। বি লিগ. ছাড়াও আছে অসমাপ্ত ক্রিকেট লিগ। সারাদেশে মোহামেডানের অনেক শুভাকাঙ্খী আছেন, তাদের সহযোগিতায় আশা করি আমরা সমস্যা কাটিয়ে উঠতে পারব।”

সমস্যা এতই প্রকট যে বি. লিগে মোহামেডানের ম্যাচের আগে খেলোয়াড়রা বেঁকে বসেছিলেন পাওনার দাবিতে। পরিস্থিতি শান্ত করার জন্য নাইজেরিয়ান ফুটবলারদের হাতে চেক তুলে দিয়েও অ্যাকাউন্ট শূন্য দেখে আবার খেপে যায় বিদেশিরা। হাউজি বন্ধ করে দেওয়ায় গত দুদিন ধরে সংকট আরো মারাতœক রূপ নিয়েছে । হাউজির আয় দিয়ে প্রতিদিন ক্লাবের এবং ক্যাম্পের খরচ চলত বলে স্বীকার করেছেন অতিরিক্ত সাধারণ সম্পাদক। এখনকার অর্থ--- সংকটকে বর্তমান সময়ে ক্লাব চালাতে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন ক্লাবের সদস্য মনির আহমেদও, “এখন এমন একটা সময় যে কারো কাছেই টাকা --- পয়সা নেই, থাকলেও লেনদেন করতে ভয় পাচ্ছেন। অবস্থার পরিবর্তন না হলে ফুটবল লিগের দ্বিতীয় লেগ শুরু হওয়ার আগে অর্থ সংকট আরো ভয়াবহ রূপ নেবে।”

আবাহনীও সমস্যায় পড়েছে চেয়ারম্যান সালমান এফ রহমান এবং পরিচালক লোটাস কামাল গ্রেফতার হওয়ায়। তাদের সংকট মোহামেডানের মতো শোচনীয় না হলেও ফুটবল দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপু স্বীকার করেছেন, “আবাহনীর ফুটবল কমিটির চেয়ারম্যান সালমান এফ রহমান গ্রেফতার হওয়ায় আমাদেরও সমস্যা হচ্ছে। কারণ, লিগ শুরু হওয়ার ঠিক আগে উনার কিছু টাকা দেওয়ার কথা ছিল।” দুঃসময়ে অঞ্জন চৌধুরী পিন্টু ও নুর আলী এগিয়ে আসায় আবাহনীর সেই ধাক্কা কাটিয়ে ওঠার মতো সুযোগ তৈরি হয়েছে। আর লোটাস কামালের অনুপস্থিতির প্রভাবটা পড়বে অসমাপ্ত ক্রিকেট লিগ শুরু হওয়ার সময়।

কারো পৃষ্ঠপোষকতায় না চললেও মুক্তিযোদ্ধাও অর্থ সংকটের মধ্যে পড়ে গেছে। তাদের আয়ের উৎস মূলত হাউজি। সেটা বন্ধ হলেও তাদের সেরকম সমস্যায় পড়ার কথা নয়। তারপরও সমস্যায় পড়েছে ঠিকই  সাধারন সম্পাদক শাহ আলম চৌধুরী দেশে না থাকায়। সে কারণে চেক দেওয়া যাচ্ছে না খেলোয়াড়দের। দলের আরেক কর্মকর্তা আতাউর রহমান জানিয়েছেন, “শাহ আলম সাহেব বিদেশে গেছেন চিকিৎসার জন্য। আমরা চেষ্টা করছি অন্য কোনো উৎস থেকে খেলোয়াড়দের জন্য টাকার ব্যবস্থা করতে। তাদের অবশ্য বেশি টাকা বাকি নেই।”

বড় ক্লাবগুলোর এই অবস্থা ফুটবলের জন্য বড় এক অশনি সংকেত। এই সংকটের কাটিয়ে ওঠার ওপরই নির্ভর করছে বি. লিগের ভবিষ্যৎ।