২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বব উলমার আর নেই

বিশ্বকাপ থেকে বিদায়ের ধাক্কাটা সামলানোর আগেই আরো বড় একটা ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট দল। তাদের ইংলিশ কোচ বব উলমারকে হারিয়ে। নিজের হোটেল কক্ষ থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধারের পর রোববার কিংস্টনের একটি হাসপাতালে মারা গেছেন ইংল্যান্ডের হয়ে ১৯টি টেস্ট খেলা এই সাবেক ক্রিকেটার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2007, 01:45 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

এর আগের দিনই কিংস্টনের স্যাবাইনা পার্কে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনটির শিকার হয়েছে পাকিস্তান। নবাগত আয়ারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে উলমারের দল পাকিস্তান।

রোববার সকালে উলমারের কোনো খোঁজ না পেয়ে পাকিস্তান দলের কর্মকর্তারা শঙ্কিত হয়ে তার হোটেল কক্ষে খোঁজ নিতে যান। ক্রিকইনফো জানিয়েছে, এ সময় উলমারকে সেখানে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার চারপাশে ছিল বমির চিহ্ন।

স্থানীয় সময় সকাল পৌনে ১১টার দিকে অ্যাম্বুলেন্সে করে কিংস্টনের ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয় তাকে, বিকেলে সেখানেই ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

পাকিস্তানের মিডিয়া ম্যানেজার পারভেজ মীর ঘটনাটির সত্যতা স্বীকার করে স্থানীয় একটি টিভি চ্যানেলকে জানিয়েছেন, “উলমার আর নেই, ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেছেন। খবরটা আমাদের দল ও টিম ম্যানেজমেন্টের জন্য ভীষণ দুঃখের।”

তিনি জানান, হাসপাতালে নেওয়ার সময়ই উলমারের পরিবারকে জানানো হয়েছিল তার অবস্থার কথা।

ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে খেললেও ক্রিকেট বিশ্বে ভারতে জন্ম নেওয়া উলমারের মূল পরিচয় কোচ হিসেবেই। ১৯৯৪ থেকে ২০০১ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে তিনিই ক্রিকেট কোচিংয়ে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের সূচনা করেন। মাঝে কিছুদিন আইসিসির হাই পারফরম্যান্স ম্যানেজার হিসেবে কাজ করার পর ‘ল্যাপটপ কোচ’ নামে খ্যাত উলমার ২০০৪ সালে পাকিস্তানের কোচের দায়িত্ব নেন।

১৯৭৫ থেকে ১৯৮১ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে খেলা ১৯ টেস্টে তিনটি সেঞ্চুরিসহ ৩৩.০৯ গড়ে ১০৫৯ রান করেছেন তিনি, ৭৪.৭৫ গড়ে নিয়েছেন চারটি উইকেটও।