দুঃস্বপ্ন দীর্ঘই হচ্ছে 'এ' দলের
বোলারদের পর ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছেন ব্যাটসম্যানরাও। তাই কলম্বোয় চারদিনের ম্যাচের দ্বিতীয় দিনশেষে দুঃস্বপ্ন দীর্ঘ থেকে দীর্ঘতর হওয়ার আভাসই কেবল পাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। শ্রীলঙ্কা ‘এ’ দল ৬ উইকেটে ৫৪৭ রান তুলে তবেই তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছে মঙ্গলবার। এরপর তাদের বোলাররা চেপে ধরেছেন তুষার ইমরানদের। সুবাদে দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ইনিংস ৬ উইকেটে ১২৩ রানের বাজে চেহারায়। মাত্র ৪ উইকেট হাতে রেখে শ্রীলঙ্কা ‘এ’ দলের প্রথম ইনিংসের চেয়ে ৪২৪ রানে পিছিয়ে আছে তারা।
আগেরদিনই মালিন্দা ওয়ার্নাপুরা ও থিলান সামারাবীরার তৃতীয় উইকেট জুটি ৩১৩ রান তুলে অবিচ্ছিন্ন ছিল। এদিন তারা বিচ্ছিন্ন হয়েছেন ৩৭৬ পর্যন্ত পৌছে। বা হাঁতি স্পিনার মেহরাব হোসেন জুনিয়রের বলে উইকেটের পেছনে খালেদ মাসুদের গ্লাভসবন্দী হওয়ার আগে ১৬২ রান করেছেন সামারাবীরা। তবে ওয়ার্নাপুরাকে কোনো বোলার আউট করতে পারেননি। মেহরাব তাকে রান আউট করার আগে নিজের ফার্স্ট ক্লাস ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিও করেছেন তিনি। ২৪২ রানের ইনিংস আরো বড় না হলেও শ্রীলঙ্কার ইনিংস ঠিকই হয়েছে। শেষদিকে জিহান মুবারকের ৪৬ বলে ৫০ রানের ইনিংসে প্রায় সাড়ে পাঁচশো ছুঁয়ে ফেলে শ্রীলঙ্কা ‘এ’।
কিন্তু বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটসম্যানদের রানগুলো দেখুন --- জহুরুল ইসলাম অমি (১৮), মেহরাব জুনিয়র (৯), নাজিমুদ্দিন (১০), তুষার (১৮), সগীর হোসেন (১৭) ও নাদীফ চৌধুরী (১৭)! খালেদ মাসুদের (৬) সঙ্গে দিনের শেষে অপরাজিত থাকা মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট থেকেই এসেছে এখনো পর্যন্ত সর্বোচ্চ ২২ রান!
