২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গত দুবছর পেরণা যোগাচ্ছে ব্রায়ান লারাকে

এবারের বিশ্বকাপে সবচেয়ে ফেভারিট কে? ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ ক্রিকেটপ্রেমী পর্যন্ত এ প্রশ্নের উত্তরের ব্যাপারে ধোঁয়াশায়। তার একটাই কারণ, বিশ্ববিজয়ী অস্ট্রেলিয়ার গত কিছু দিনের বাজে পারফরম্যান্স। আরো অনেকের মতো ব্রায়ান লারাও মনে করেন বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা হবে তীব্র, সেয়ানে----সেয়ানে। সেই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের বিশ্বাস ক্রিকেটের ‘মহাযজ্ঞে’ তার দল জ্বলে উঠবেই। এমনকি উঠতে পারে ফাইনালেও!

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2007, 09:36 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

“ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে বিশ্বকাপটা। এটা বলা খুব কঠিন যে  কোনো একটা বা দুটো দল টুর্নামেন্টটা নিয়ন্ত্রণ করে শিরোপা জিতে নেবে। (শিরোপা জয়ের জন্য) টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে তীব্র লড়াই হওয়ার কথা”ÑÑ সম্ভাব্য চ্যাম্পিয়ন সম্পর্কে এতটাই অনিশ্চয়তার মধ্যে লারা। তবে একটা ব্যাপারে তিনি নিশ্চিত। বিশ্বকাপের স্বাগতিক অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ যে স্বদেশবাসীদের আনন্দের সাগরে ভাসাবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই তার মনে,“নিঃসন্দেহে অস্ট্রেলিয়া অন্যতম ফেভারিট। তবে (সাম্প্রতিক সময়ে) আমরাও একাধিক গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ফাইনালে উঠেছি। আমাদের দলটা যথেষ্ট ভালো এবং ফাইনালেও উঠতে সক্ষম। গত প্রায় দশ বছর আমাদের ক্রিকেট নিম্নগামী হলেও এখন  সেসব শুধুই অতীত। বরং গত দু বছরে আমরা খুব ভালো খেলেছি।”

টেস্ট ও ফার্স্ট ক্লাস ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক ব্রায়ান লারার জন্য এটাই  শেষ বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই ক্রিকেটের সেরা আসরে পাদপ্রদীপের আলোটা থাকছে তার ওপরে। সেটা কি তার জন্য এক ধরনের চাপ নয়? টেস্টে সর্বোচ্চ রানের মালিক উত্তরটা দিয়েছেন তার স্বভাবসুলভ ঢংয়েই,“আমার তো মনে হয় না আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে ১৫/১৬ বছরের অভিজ্ঞতাকে বোঝা মনে করা উচিৎ। বরং দুর্দান্ত একটা টুর্নামেন্টে এটা কোনো খেলোয়াড়ের জন্য দারুণ এক শক্তি। বিশ্বকাপ পুরো দলের ব্যাপার। বিশ্বকাপ দিয়ে এক জনের ক্যারিয়ার বিচার করাকে আমি ঠিক মনে করি না।”

একটা ব্যাপারে লারা দারুণ খুশি। ১৯৭৫ ও ’৭৯ বিশ্বকাপ বিজয়ী ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্লাইভ লয়েড এখন দলের ম্যানেজার। ক্যারিবীয়দের সর্বকালের সেরা অধিনায়ককে কাছে পেয়ে বর্তমান অধিনায়ক রীতিমতো অভিভূত,“তাকে ম্যানেজার হিসাবে পাওয়া আমাদের জন্য নিঃসন্দেহে বড় সুবিধা।” খেলোয়াড়ি ---- জীবনে ‘বিগ ক্যাট’ হিসাবে পরিচিতি পাওয়া লয়েডও তার নতুন দায়িত্ব নিয়ে তৃপ্ত। অধিনায়কের মতো ম্যানেজার হিসাবেও সাফল্য পেতে উদগ্রীব লয়েডের দৃঢ় বিশ্বাস, বিশ্বকাপ শিরোপাই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে পুনরুজ্জীবিত করতে পারবে,“এটা (বিশ্বকাপ জয়) আমাদের মনোবল বহু গুণ বাড়িয়ে দেবে। তরুণরাও চাইবে এমন একটা দলে যোগ দিতে যারা বিশ্ব চ্যাম্পিয়ন। আমাদের প্রধান লক্ষ্য অর্থাৎ তরুণদের আরো বেশি করে ক্রিকেটে নিয়ে আসার ব্যাপারটাও প্রভাবিত হবে এর ফলে।”