২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহজ জয় দিয়েই প্রস্তুতি শুরু বাংলাদেশের

বারমুডা --- কানাডার সঙ্গে খেলে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি সারা নিয়ে প্রশ্ন আছে অনেক। কিন্তু সেসব প্রশ্ন এক ফুৎকারেই উড়িয়ে দিতে পেরেছেন হাবিবুল বাশার। তার যুক্তি,“ছোট দল হলেও ভুলে গেলে চলবে না এগুলো আন্তর্জাতিক ম্যাচ। এগুলোতে জেতা মানেই আমাদের জয়ের সংখ্যা বাড়বে। সেই সঙ্গে বিশ্বকাপের আগে বাড়বে আতœবিশ্বাসও।”

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2007, 08:00 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

অ্যান্টিগার সেন্ট জোনসের রিক্রিয়েশন গ্রাউন্ডে রোববার ক্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বারমুডার বিপক্ষে বাংলাদেশের ৮ উইকেটের সহজ জয় তাহলে দুটোই বাড়িয়েছে দলের। অন্তত বাংলাদেশ অধিনায়কের কথা ধরলে তাই। মূল দুই স্ট্রাইক বোলার মাশরাফি বিন মর্তুজা ও শাহাদাত হোসেনকে ছাড়াই খেলতে নামা বাংলাদেশ অবশ্য বারমুডাকে অল আউট করতে পারেনি। মাত্র ৮৩ রানে ৫ উইকেট হারালেও তারা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ২০৫ রান। ১২ দশমিক ৩ ওভার বাকি থাকতেই বাংলাদেশের জয়ের বন্দরে নোঙ্গর ফেলায় প্রধান নাবিক শাহরিয়ার নাফীস। ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি করা এই ওপেনারকে আউটও করতে পারেনি বারমুডার বোলাররা। ১১২ বলে ১০৪ রান করে অপরাজিত থাকা নাফীসের ইনিংসে আটটি বাউন্ডারি ছাড়াও তিনটি ছক্কার মারও ছিল।

অবশ্য নতুন সঙ্গী তামিম ইকবালকে নিয়ে এখনো নাফীসের ওপেনিং জুটিটা জমে উঠতে পারেনি। এদিনও দলকে ১৪ রানে রেখে আউট হয়ে যান তামিম ১১ রান করে। এরপর নাফীসের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটির বেশিরভাগটা জুড়েই ছিলেন আফতাব আহমেদ। কারণ ‘আফতাবসুলভ’ ব্যাটিং ঝড়। এই জুটির ৫৮ রানের মধ্যে ৪০ রানই এসেছে তার ব্যাট থেকে, মাত্র ২৭ বলে। তার এই ইনিংসটা সাজানো ছিল সাতটি বাউন্ডারি দিয়ে। আফতাবের বিদায়ের পর নাফীস ও সাকিব আল হাসান জুটিতে ছেদ টানতে পারেনি বারমুডা। তাদের দুজনের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটি ১৩৪ রানের। সাকিব ৭০ বলে ৪২ রান করে অপরাজিত ছিলেন।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জয় দিয়ে প্রস্তুতি শুরুর আনন্দটা নিশ্চয়ই আরো বেশি উপভোগ করেছেন শাহরিয়ার নাফীস। সেঞ্চুরির জন্য ম্যান অফ দি ম্যাচও যে হয়েছেন এই বাহাতি ওপেনারই। রিক্রিয়েশন গ্রাউন্ডে ম্যাচ সেরার ক্রেস্ট হাতে পোজ দেওয়া ছবিটাও তার সংগ্রহে রাখতে চাওয়ার কথা। কারণ এই মাঠেই টেস্ট ক্রিকেটের রেকর্ডভাঙ্গা ইনিংস দুটো (অপরাজিত ৪০০ ও ৩৭৫ রান) খেলেছিলেন ব্রায়ান চার্লস লারা। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের শেষ ম্যাচ বুধবার (২৮ ফেব্রুয়ারি) কানাডার বিপক্ষে। এ ম্যাচটাতে প্রতিপক্ষকে একেবারে উড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই হয়তো নামবেন হাবিবুল বাশাররা। কারণ গত বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই উত্তর আমেরিকার এই দেশটির কাছে হেরে গোটা জাতির ঈদের আনন্দ মাটি করার অপরাধবোধে এখনো ভোগেন বাংলাদেশ অধিনায়ক।