২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার পেছানোর আশঙ্কা নিয়েই বি.লিগের ফিক্সচার চূড়ান্ত

সময়মতো কিছু করতে না পারাটাই যেন বাফুফের চরিত্রের মূল বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট বজায় রেখেই তারা চাইছে পেশাদার হতে! চালু করতে যাচ্ছে ‘বি. লিগ’ নামের পেশাদার ফুটবল লিগ ! তাদের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ২ মার্চ থেকে শুরু হবে বি.লিগ। টুর্নামেন্ট উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ঢাকা আবাহনী ও মুক্তিযোদ্ধা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2007, 08:28 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

এই ‘বি লিগ’ আট --- নয়বার পেছানোর পর সর্বশেষ সূচী হয়েছে আগামী ২ মার্চকে শুরুর দিন ধরে। কিছু কাজ এগোচ্ছেও সেই মোতাবেক। তবে সময়মতো শুরু করতে না পারার  চরিত্রটাও বদলায়নি।  বৃহস্পতিবার লিগের ড্র ও লোগো উন্মোচন অনুষ্ঠানেও দেখা গেল তার প্রমান। চারটার অনুষ্ঠান শুরু হয়েছে পৌনে পাঁচটায়। দেরীতে হলেও বাফুফে সভাপতি এস এ সুলতানের চোখে এটা এক স্বপ্নপূরণের দিন, “অনেক শত---সহস্র বাধা পেরিয়ে আজকের এই জায়গায় আমরা এসে পৌঁছেছি। দিনটা স্বপ্নপূরণের দিন। আশা করি সামনের দিনগুলোতে বি. লিগের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”

সভাপতির বক্তৃতার পরই  বি. লিগের  লোগো উন্মোচন করেছেন তিনি। তারপর শুরু হয় ১১টি দলের এই ফুটবল লিগের ড্র অনুষ্ঠান। অনেকের মতে, পেশাদার লিগের সঙ্গে যায় না এই অনুষ্ঠান। তাদের রায়ে জাতীয় ফুটবল লিগের ড্র অনুষ্ঠানের আকর্ষন কিংবা চাকচিক্যও এর চেয়ে বেশি ছিল।

এটা ‘ফুটবলের স্বপ্নপূরনের দিন’ হলেও তার সাক্ষী হওয়ার সুযোগ ছিল না সোনালী অতীতের অনেক ফুটবলারেরই। সাবেক তারকাদের মধ্যে আমন্ত্রণ পেয়েছিলেন হাতে গোনা কয়েকজন। তাদের মধ্যে যারা এসেছেন তাদের দিয়েই ড্র---এর কাজ চালিয়ে নেওয়া হয়েছে। সাবেক তারকা ফুটবলার জহিরুল হক ও আবু ইউসুফ প্রথমেই তুলেছেন মুক্তিযোদ্ধার নাম। শেখ মোহাম্মদ আসলাম ও কায়সার হামিদ ব্রাদার্সের, মোহাম্মদ মহসীন ও ওয়াসিম ইকবাল ফরাশগঞ্জের, রুম্মন বিন ওয়ালী সাব্বির ও হাসানুজ্জামান বাবলু তুলেছেন আরামবাগের নাম। তারপর ঢাকা আবাহনী, শেখ রাসেল ও রহমতগঞ্জের নাম তুলেছেন ছয় সাংবাদিক। আর ঢাকার বাইরের তিন দলের নাম তুলেছেন বাফুফে কর্মকর্তারা।

দলগুলোর কে কোন গ্র“পে তা জানার পরই চূড়ান্ত হয়ে যায় লিগের ফিকশ্চার। সে অনুযায়ী  ঢাকা আবাহনী----মুক্তিযোদ্ধার লড়াই দিয়েই শুরু হবে বি. লিগ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই ম্যাচটি হবে মুক্তিযোদ্ধার হোম ম্যাচ। ঢাকায় যেহেতু এই একটি মাত্র ভেন্যু, তাই বঙ্গবন্ধু স্টেডিয়াম কখনো নিজেদের মাঠ, কখানোবা সেখানে অতিথি তারা।

প্রতি সপ্তাহে ৫ টি করে ম্যাচ ধরে ১১ সপ্তাহের সূচী দিয়েছে বাফুফে। অবশ্য প্রত্যেক সপ্তাহেই একটি দল বিশ্রামের সুযোগ পাবে। খেলা হবে শুক্র, শনি, মঙ্গল ও বুধবার। তবে এসব পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে বি. লিগ কমিটি। কমিটির সভাপতি আব্দুর রহিমের বক্তৃতার মধ্য দিয়েই শেষ হয়েছে ড্র অনুষ্ঠান।

ড্র অনুষ্ঠান, ফিক্সচার চূড়ান্ত করার কাজ শেষ। তারপরও কিন্তু পুরোপুরি শঙ্কামুক্ত নয় বি. লিগ। কারণ, এখনো লিগের স্পন্সর যোগাড় করা যায়নি। তাই “লিগ আর পেছাবে না” --- এমন গ্যারান্টিও পাওয়া যাচ্ছে বি. লিগ কমিটির কাছ থেকে। পেছালেই বা কি! তাতে তো কখনো নিজেদের দোষ দেখেন না বাফুফে কর্তারা, দেখান নানা অজুহাত। যেমন বৃহস্পতিবার অনুষ্ঠান পেছানোর জন্য বিদ্যুতের ওপর দায় চাপিয়ে দিলেন।

বাফুফের আয়োজন, তাই ঝুঁকি বা আশঙ্কা সবসময় থেকেই যায়।