ফরহাদের বোলিংয়ে রাজশাহী আর আনোয়ারের ব্যাটিংয়ে হাসছে ঢাকা
ইস্পাহানি মির্জাপুর চা সপ্তম জাতীয় ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডের চারদিনের ম্যাচে প্রথম দিনেই চালকের আসনে বসে গেছে রাজশাহী। মাত্র কিছুদিন আগে জাতীয় দল থেকে বাদ পড়া ফরহাদ রেজার বিধ্বংসী বোলিংই সেখানে বসিয়েছে তাদের।
নিজেদের মাঠে এই মিডিয়াম পেসার ৫৪ রানে ৬ উইকেট নিয়ে প্রায় একাই ধসিয়ে দিয়েছেন সিলেটকে। প্রথম ইনিংসে সিলেট ২০০ রানে অলআউট হওয়ার পর রাজশাহী দিনের শেষে ১ উইকেট হারিয়ে তুলেছে ৫৬ রান। ওপেনার ইমতিয়াজ হোসেন এক প্রান্তে অনেকক্ষণ অবিচল থাকায় তবু দুইশো ছুঁতে পেরেছে সিলেট। ৮৮ রান করে ইমতিয়াজ ফরহাদের শিকারই হয়েছেন শেষ পর্যন্ত।
খুলনায় স্বাগতিকদের বিপক্ষে প্রথম দিন শেষে ৯ উইকেটে ২৭২ রান তুলেছে বরিশাল। হান্নান সরকার (৭৪) ও রাকিবুল হাসানের (৭৩) ব্যাটিং এক্ষেত্রে পথ দেখিয়েছে তাদের। তবে সপ্তম রাউন্ডের ম্যাচে প্রথম দিনটা রাজশাহীর তুলনায় ঢাকারও কম ভালো যায়নি। ফতুল্লায় হোম ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে তারা ওপেনার আনোয়ার হোসেনের সেঞ্চুরিতে (১০৮) প্রথম দিন শেষে মাত্র ৩ উইকেট হারিয়ে তুলেছে ৩০০ রান।
