২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকারকে ছাড়াই শ্রীলঙ্কার সামনে ভারত

কয়েক বছর ধরেই একের পর এক ইনজুরি ক্ষতিগ্রস্ত করেছে তার ক্যারিয়ার। সে সব ইনজুরিকে হারিয়ে স্বমহিমায় মাঠে ফিরেছেন শচীন টেন্ডুলকার। কিন্তু ‘লিটল চ্যাম্পিয়ন’--এর এবারের সমস্যাটা কিছুটা হলেও আতঙ্কিত করে তুলতে পারে ভারতীয় দলকে। সামনেই যে ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2007, 08:30 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

তবে বিশ্বসেরা ব্যাটসম্যানের পিঠের সমস্যাটাকে তেমন পাত্তা দিতে রাজি নন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়। যদিও বিশ্বকাপের আগে টেন্ডুলকারকে নিয়ে কোনো রকম ঝুঁকিও নিচ্ছে না তার দল। শনিবার বিশাখাপত্তমে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ--নির্ধারণী ম্যাচে ওয়ানডের সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিককে বিশ্রাম দেয়ারই সিদ্ধান্ত নিয়েছে তারা।

“তাকে (টেন্ডুলকারকে) নিয়ে কোনো রকম উদ্বেগের কারণ নেই। সে পিঠে খানিকটা ব্যথা অনুভব করছে। আমরা চাই না সেটা তাকে কোনো ধরনের সমস্যায় ফেলুক”Ñদ্রাবিড়ের মন্তব্য। টেন্ডুলকার না থাকলেও শনিবার ইরফান পাঠানকে দেখা যেতে পারে মাঠে। কাঁধের ইনজুরির কারণে প্রথম তিন ম্যাচ মিস করা এই বাঁহাতি অলরাউন্ডারের ব্যাপারে আশার কথাই শুনিয়েছেন ভারত অধিনায়ক,“ইরফানকে সুস্থই বলা যায় এখন। আজ (শুক্রবার) সে একটানা ১০ ওভার বল করেছে নেটে।” শেষ পর্যন্ত ইরফান খেললে বাদ পড়তে পারেন দীনেশ কার্তিক।

সামনেই বিশ্বকাপ। তার আগে এই সিরিজ জয় দলের মনোবল বাড়িয়ে দেবে বহু গুণ। ব্যাপারটা আর সবার মতো দ্রাবিড়ও ভাল মতোই জানেন। তবে আপাতত বিশ্বকাপ নয়, ভারত অধিনায়কের চিন্তা--ভাবনা জুড়ে শুধুই শনিবারের ম্যাচটা,“সিরিজটা জয়ের জন্য উদগ্রীব হয়ে আছি আমরা। বিশ্বকাপ যে এগিয়ে আসছে তা আমরা ভাল মতোই জানি। তবে হাতে একটা জয় থাকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর আমরা চাই প্রত্যেকটা ম্যাচ জিততে।” শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের কণ্ঠেও অভিন্ন সুর,“বিশ্বকাপের ভাবনা আমাদের মনেও আছে। তবে সবার আগে আমরা চাই এখানে জয় পেতে। তা হলে ভারতের মাটিতে একটা সিরিজ জয় হয়ে যাবে আমাদের।”